চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কাল থেকে এক সপ্তাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস, পরীক্ষা ও হল কাল শনিবার থেকে এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের বিশেষ জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের নিহত ছাত্র এ এ এম মহিউদ্দিনকে নিজেদের কর্মী দাবি করে ছাত্রশিবির মিছিল ও সমাবেশ করেছে। তবে নিহত ছাত্রের খালাতো ভাই একই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র মতিউর রহমান বলেছেন মহিউদ্দিন সক্রিয় রাজনীতি না করলেও ছাত্রলীগের সমর্থক ছিলেন। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন শান্ত। নিরাপত্তার জন্য ক্যাম্পাসে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ষোলশহর রেলস্টেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র মহিউদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। ওই সময় তিনি স্টেশনে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। তাঁর বাড়ি কক্সবাজারের চকরিয়ায়। তিনি আলাওল হলের আবাসিক ছাত্র। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চার-পাঁচজন মুখোশধারী সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পাথর দিয়ে শরীরের বিভিন্ন অঙ্গ থেঁতলে তাঁকে খুন করে। তাঁর মৃত্যু নিশ্চিত হওয়ার পর সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) আরজু বলেন, ‘ফেরার পথে শিবির কর্মীরা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে আমাদের সন্দেহ হচ্ছে।’