চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ৩৮ দিন বন্ধ থাকার পর আজ রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলেছে। তবে শিক্ষার্থীদের উপস্থিতির হার কম থাকায় অধিকাংশ বিভাগে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।এদিকে, ইসলামী ছাত্রশিবিরের ডাকে চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ে লাগাতার ধর্মঘট চলছে। শিবিরকর্মীরা আজ দুপুর সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ভবন থেকে চাকসু ভবন পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া র্যাবের ৫০ সদস্যের একটি দল সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে টহল দিচ্ছে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ-উদ-দৌলা প্রথম আলো অনলাইনকে বলেন, ‘আজ প্রথম দিন হওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতি কম। তবে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছি।’গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে দুই ছাত্র নিহত হন। নিহত দুজনই ছিলেন ছাত্রশিবিরের নেতা। সংঘর্ষে প্রক্টরসহ অন্তত ৪০ জন আহত হন। ওই ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত করে।