ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা ছাত্রলীগের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আতঙ্ক, শিক্ষার্থীরা ছাত্রাবাস ছাড়ছেন
আড়াই মাসের ব্যবধানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিনজন মেধাবী ছাত্র খুন এবং গ্রামবাসীর সঙ্গে ছাত্রদের সংঘর্ষের পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অনেকে ছাত্রাবাস ও কটেজ ছেড়ে চলে যাচ্ছেন। অনেকে প্রয়োজন ছাড়া হলের বাইরে যাচ্ছেন না। গতকাল সোমবার ক্যাম্পাসে ঘুরে এ চিত্র দেখা গেছে।সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে গত শুক্রবার হিসাববিজ্ঞানের ছাত্র মো. আসাদুজ্জামানের মৃত্যুর পর শনিবার থেকে তিন দিনের জন্য ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার আবার ক্যাম্পাস খোলার কথা। কিন্তু ছাত্রলীগের নেতাদের ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা আর গ্রামবাসীর মধ্যে উত্তেজনা থাকায় ক্লাস পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মুঠোফোনে বলেন, ক্যাম্পাসে ধর্মঘট চলবে। একাধিক ছাত্রী জানান, আজ মঙ্গলবার পরিস্থিতি খারাপ হলে তাঁরা হল ছেড়ে বাড়ি চলে যাবেন।জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারি ষোলশহর রেলস্টেশনে সন্ত্রাসী হামলায় রাজনীতিবিজ্ঞান বিভাগের ছাত্র এ এ এম মহিউদ্দীন নিহত হন। ২৯ মার্চ চৌধুরীহাট রেলস্টেশনের কাছে মার্কেটিং বিভাগের ছাত্র হারুন-অর-রশিদ ওরফে কায়সারের লাশ পাওয়া যায়। সর্বশেষ গত বৃহস্পতিবার সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত আসাদ পরদিন শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।এ পরিস্থিতিতে গত বোববার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে শ্লীলতাহানির পর হত্যা করা হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। এতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে আরও বেশি আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ গতকাল সকালে ক্যাম্পাসের সম্ভাব্য জায়গাগুলোতে তল্লাশিও চালায়।শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়াতে কৌশলে ছাত্রীকে ধর্ষণের পর হত্যার গুজব ছড়ানো হয়েছে বলে পুলিশ মনে করছে। হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, ‘গুজব শুনে আমরা বিশ্ববিদ্যালয়ে যাই, কিন্তু সে ধরনের কিছু পাইনি।’আতঙ্ক ও ভয়ের কারণে অধিকাংশ ছাত্রী গতকাল আবাসিক হল থেকে তেমন একটা বের হননি। অনেক ছাত্রকে ব্যাগ নিয়ে ক্যাম্পাস ত্যাগ করতে দেখা গেছে। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ট্রেন ও বাস চলাচল বন্ধ। এ কারণে তাঁরা রিকশায় চড়ে ক্যাম্পাস ছাড়েন।লোকপ্রশাসন বিভাগের ছাত্র শাহাদাত হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ভালো নয়। তাই গ্রামের বাড়ি বগুড়া চলে যাচ্ছি। গত ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের নানা ঘটনায় আমি হতাশ।’শামসুন নাহার হলের ছাত্রী সালমা বেগম বলেন, ‘মেয়েদের হলের বেশির ভাগই আজ (সোমবার) সকাল থেকে হলের বাইরে যাননি, বাজারও করেননি। আমি ভয়ে ভয়ে পাশের প্রীতিলতা হলে বান্ধবীর কাছে গিয়ে দ্রুত ফিরে আসি।’উপাচার্য আবু ইউসুফ প্রথম আলোকে বলেন, গ্রামবাসীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সম্পর্কের অবনতি ঘটাতে গুজব ছড়ানো হয়েছে। এ গুজবে বিশ্ববিদ্যালয়ের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তিনি বলেন, ‘পরিস্থিতি ভালো নয় দেখে আমি ছাত্রছাত্রীদের কোথাও গেলে দলবেঁধে যেতে বলেছি। কাজ না থাকলে অহেতুক হলের বাইরে যাওয়ার দরকার নেই।’