চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরও ২৪ শিবির কর্মী গ্রেপ্তার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসংলগ্ন ‘কটেজগুলোতে’ গতকাল শুক্রবার রাতভর অভিযান চালিয়ে পুলিশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী সন্দেহে আরও ২৪ জনকে আটক করেছে।বৃহস্পতিবার ষোলশহরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র এ এ এম মহিউদ্দিন নিহত হওয়ার পর তাঁকে ছাত্রশিবির তাদের কর্মী দাবি করে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠনটির বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হচ্ছে। চট্টগ্রামের জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আমেনা বেগম প্রথম আলোকে বলেন, শুক্রবার সারা রাত অভিযান চালিয়ে যে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা ছাত্রশিবিরের কর্মী হিসেবে পুলিশ নিশ্চিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসংলগ্ন এলাকায় বেড়ার ঘর তৈরি করে ভাড়া দিয়ে থাকেন বিশ্ববিদ্যালয়ের অনেক কর্মচারী। এসব ঝুপড়ি ঘরকে স্থানীয়ভাবে কটেজ বলা হয়। এসব কটেজে প্রচুর শিবির ক্যাডার বসবাস করে বলে অনেক দিন থেকেই অভিযোগ রয়েছে।