চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কালও ক্লাস-পরীক্ষা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসাদুজ্জামানের হত্যাকারীদের গ্রেপ্তারসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের ডাকা লাগাতার অবরোধের দ্বিতীয় দিনে গতকাল বুধবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছিল কার্যত অচল। বিশ্ববিদ্যালয় ও শহরের মধ্যে সীমিতসংখ্যক শিক্ষক-বাস পুলিশি পাহারায় চলাচল করলেও শিক্ষার্থীবাহী শাটল ট্রেন চলেনি। বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা হয়নি। সকালে বটতলী থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে হামজারবাগ এলাকায় একটি ট্রেন ছাত্রলীগের কর্মীরা আটকে দেন এবং ট্রেনের চালককে অপহরণ করেন। দুপুরে চালককে ছেড়ে দেওয়া হয়। পরে ট্রেনটি ক্যাম্পাসে না গিয়ে শহরে ফিরে আসে। সকালে বিশ্ববিদ্যালয়ের একটি শিক্ষক-বাস ভাঙার চেষ্টা করলে আতুরার ডিপো থেকে পুলিশ ছাত্রলীগের কর্মী ও পদার্থবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে। এর আগে গত মঙ্গলবার নগরের ষোলশহরে একটি শিক্ষক-বাস জ্বালিয়ে দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল নগরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-বাস পুলিশি পাহারায় চলাচল করে।চট্টগ্রাম মহানগর পুলিশ সূত্র জানায়, নগরে শিক্ষক-বাসে পর্যাপ্ত নিরাপত্তা দিতে কোতোয়ালি, পাঁচলাইশ, চান্দগাঁও, বায়েজিদ ও খুলশী থানাকে দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষক-বাস জ্বালিয়ে দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য গত মঙ্গলবার রাতে নগর ও হাটহাজারীর বিভিন্ন স্থানে গোয়েন্দা ও থানা পুলিশ অভিযান চালায়। গতকাল হামজার-বাগে ট্রেনের চালককে অপহরণ করা ছাড়া নগর কিংবা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কোথাও ছাত্রলীগের কর্মকাণ্ড চোখে পড়েনি। ছাত্রলীগের ঘাঁটি হিসেবে পরিচিত বিশ্ববিদ্যালয় ১ নম্বর গেট এলাকায়ও তাদের কার্যক্রম দেখা যায়নি। ছাত্রলীগ বলেছে, সংগঠনের কর্মী আসাদুজ্জামানকে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করলেই তারা আন্দোলন থেকে সরে আসবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি মানলেই আমরা সমঝোতায় আসব। কিন্তু উপাচার্য এতে ভ্রুক্ষেপ করছেন না। তিনি উল্টো ছাত্রলীগের বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দিয়েছেন। এ জন্য আমরা বাসায় থাকতে পারছি না।’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু ইউসুফ বলেন, ‘আমি অবশ্যই ছাত্রদের সঙ্গে কথা বলব। তবে খারাপ কোনো ছাত্রের সঙ্গে আলোচনায় বসব না।’ বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের দুশ্চিন্তা না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, আগামী দুই-তিন দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। শাটল ট্রেন বন্ধের ব্যাপারে তিনি বলেন, ছাত্রছাত্রী না এলে অহেতুক ট্রেন চলাচল করে লাভ কি। শুধু শুধু তেল পুড়িয়ে তো লাভ নেই।গতকালও ক্যাম্পাসে শিক্ষার্থীদের আসা-যাওয়া ছিল না। শিক্ষকদের উপস্থিতিও ছিল কম। ক্লাস-পরীক্ষা হয়নি। কিছু ছাত্রীকে হল ত্যাগ করতেও দেখা যায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ সূত্র জানায়, সকালে বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে একদল ছাত্র সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে মিছিল করেন। তাঁরা বিভিন্ন ব্যানার-ফেস্টুন বহন করেন এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যার বিচার ও বাস-ট্রেনে পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানান। প্রায় ৩০ মিনিট পর সহকারী প্রক্টররা সেখানে গিয়ে ব্যানার-ফেস্টুন নিয়ে নেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রক্টর মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। এ জন্য তাদের রেলস্টেশন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সন্ধ্যায় নগরের জামালখান সড়কে সাধারণ ছাত্রছাত্রী ও হিসাববিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীর ব্যানারে একদল ছাত্র মিছিল করেন। তাঁরা উপাচার্যের পদত্যাগ ও ছাত্রলীগের কর্মী আসাদুজ্জামান হত্যার বিচার দাবি করেন। শিক্ষক সমিতির নিন্দা: শিক্ষক-বাসে অগ্নিসংযোগের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তীব্র ক্ষোভ, নিন্দা এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। সমিতির সাধারণ সম্পাদক এস এম নছরুল কাদির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের সদিচ্ছা ও আন্তরিকতার অভাবেই গত দুই মাসে তিন ছাত্র খুন হওয়াসহ নানা ধ্বংসাত্মক কার্যকলাপ চলছে। চারজনের জামিন: শিক্ষক-বাসসহ দুটি বাস পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার আট যুবকের মধ্যে চারজন খুরশিদ আলম, রুবেল পাল, নিজামুল হক ও নূর আহম্মদ ওরফে পলাশ গতকাল জামিন পেয়েছেন। ওই আটজনকে মহানগর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হলে ওই চারজনের জামিনের আবেদন করা হয়। অপর চারজন এরশাদ, সৌভাল দাশ, আলাউদ্দিন ও আনোয়ারের পক্ষে জামিনের আবেদন করা হয়নি। গত মঙ্গলবার ষোলশহরে শিক্ষক-বাস ও মুরাদপুরে যাত্রীবাহী একটি মিনিবাস জ্বালিয়ে দেওয়ার ঘটনায় ওই দুটি স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। রিমান্ডের আবেদন নামঞ্জুর: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা জাহিদুল ইসলাম ওরফে ব্ল্যাক জুয়েল, রাসেল বড়ুয়া, শান্তনু মহাজন, রায়হানউদ্দিন ও আসতারুল হক ওরফে আকতারকে অস্ত্র মামলায় পাঁচ দিনের রিমান্ডের আবেদন নামঞ্জুর করেছেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম কেশব রায় চৌধুরী। হাটহাজারী থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আল আমান গতকাল ওই আবেদন করেন। ১৫ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় এই পাঁচ ছাত্র গ্রেপ্তার হন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র ও ছাত্রলীগের কর্মী আসাদুজ্জামান গত বৃহস্পতিবার রাতে ক্যাম্পাসে রেলস্টেশনের কাছে অজ্ঞাত তিন সন্ত্রাসীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার বিকেলে তিনি মারা যান। এ ঘটনায় ছাত্রলীগ পাঁচ দফা দাবিতে গত শনিবার থেকে অবরোধের ডাক দেয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত শনিবার থেকে তিন দিনের জন্য বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা স্থগিত করলে ছাত্রলীগ গত মঙ্গলবার থেকে অবরোধ কর্মসূচি শুরু করে।