ছাত্রলীগের দুই পক্ষে পাল্টাপাল্টি হামলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ বহিষ্কার ৪
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা ১১ দিনের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে সব আবাসিক হল ও প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে। ১৪ মে থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে। গত শুক্র ও শনিবার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।গত রোববার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৪৭৩তম জরুরি সভায় ক্লাস-পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন এতে সভাপতিত্ব করেন। গত শনিবার বিকেলে ছাত্রদের ওপর হামলায় জড়িত থাকার দায়ে সভায় ছাত্রলীগের চার কর্মীকে দুই বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সিন্ডিকেট সদস্য ও উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক কামরুল হুদা সাংবাদিকদের কাছে সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।বহিষ্কৃত যাঁরা: বহিষ্কৃত ছাত্ররা হলেন রাজনীতিবিজ্ঞান বিভাগের আনিসুল হাসান মাহমুদ, ইংরেজি বিভাগের আতাউল মান্নান, মার্কেটিং স্টাডিজের আরিফুল ইসলাম ও দর্শন বিভাগের মিঠু। তাঁরা সবাই ২০০৮-০৯ শিক্ষাবর্ষের ছাত্র বলে জানা গেছে। এর আগে গত শুক্রবার বিকেলের ও শনিবার সকালের হামলার ঘটনার জন্য সাতজন ছাত্রকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়। তাঁরাও ছাত্রলীগের কর্মী।১১ দিনের ছুটি পেয়ে আবাসিক হলের অনেক শিক্ষার্থী রোববার সন্ধ্যা থেকে ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন। গতকাল সোমবারও অনেক শিক্ষার্থীকে ক্যাম্পাস ছাড়তে দেখা গেছে।গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিনের সঙ্গে আবাসিক হলগুলোর প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও প্রক্টরিয়াল বডির সদস্যদের বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, আবাসিক হলে অবৈধ শিক্ষার্থীরা আর থাকতে পারবেন না। যেসব উচ্ছৃঙ্খল শিক্ষার্থী বৈধভাবে ছাত্রাবাসে রয়েছেন, তাঁদের চিহ্নিত করে দাঙ্গা-হাঙ্গামায় না জড়ানোর পরামর্শ দেওয়া হবে। সোহরাওয়ার্দী ছাত্রাবাসের প্রাধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম সিদ্ধান্তের বিষয়গুলো নিশ্চিত করেন।প্রসঙ্গত, গত শনিবার বিকেলে সেনানিবাস রেলস্টেশন এলাকায় ছাত্রলীগের এক পক্ষের তিনজনকে কুপিয়ে আহত করে অন্য পক্ষ। এর আগে শনিবার সকালে সৌমেন দাশ নামের এক কর্মীর হাত-পায়ের রগ কেটে দেয় প্রতিপক্ষ।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আকতার হোসেন প্রথম আলোকে বলেন, শনিবার বিকেলের ঘটনা তদন্তে রসায়নবিজ্ঞান বিভাগের শিক্ষক মনির উদ্দিনকে প্রধান করে চার সদস্যের কমিটি করা হয়েছে। কমিটিকে ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।মামলা: শনিবার বিকেলে সেনানিবাস রেলস্টেশন এলাকায় ছাত্রলীগের কর্মীদের ওপর হামলার ঘটনায় রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে। গত রোববার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ও ছাত্রলীগের কর্মী সাইফুদ্দিন খালেদ বাদী হয়ে ১৭ জনের বিরুদ্ধে মামলাটি করেন। ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন চারজন ছাত্রের অবস্থা এখন অনেকটা ভালো বলে তাঁদের স্বজনদের সূত্রে জানা গেছে।