চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ, আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের বিশ্ববিদ্যালয় চিকিত্সাকেন্দ্রে চিকিত্সা দেওয়া হয়েছে।আজ শনিবার বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই ঘটনা ঘটে।এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আবাসিক ছাত্রাবাসগুলোতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য ও পুলিশেরা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।ক্যাম্পাস সূত্রে জানা গেছে, আজ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে কর্মচারী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে ছাত্রশিবিরের কর্মীরা মাঠের এক পাশে ক্রিকেট খেলার আয়োজন করে। সেখানে ছাত্রলীগের উপস্থিত কর্মীরা এ আয়োজনের প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষই লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বদিউল আলম প্রথম আলো অনলাইনকে বলেন, ‘কেন্দ্রীয় খেলার মাঠে পদার্থ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা ক্রিকেট খেলার আয়োজন করেন। সেখানে আমাদের কিছু নেতা-কর্মী উপস্থিত হয়। এ সময় ছাত্রলীগের কর্মীরা তাদের ওপর হামলা করে। এতে আমাদের তিন নেতা-কর্মী আহত হয়।’ হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রক্টরকে মৌখিকভাবে জানানো হয়েছে বলেও জানান তিনি।অন্যদিকে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার জ্যেষ্ঠ কর্মী ও খেলার মাঠে উপস্থিত থাকা আবদুল্লাহ আল আসাদ জানান, শিবিরের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে অবৈধভাবে ক্রিকেট খেলার আয়োজন করে। এর প্রতিবাদ করলে শিবিরের নেতা-কর্মীরা প্রতিবাদকারীদের ওপর হামলা করে। এতে তাঁদের পাঁচ কর্মী আহত হন।ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি মোস্তফা সাইফুল ইসলাম বলেন, ‘হামলার সঙ্গে জড়িত শিবির নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্টরকে লিখিত অভিযোগ দিয়েছি।’বিশ্ববিদ্যালয়ে প্রক্টর মোহাম্মদ নাসিম হাসান প্রথম আলো অনলাইনকে বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’