চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল থেকে আজ বৃহস্পতিবার সকালে মো. সোহাগ হাওলাদার নামের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। সোহাগের বন্ধু কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র হাসিবুর রহমান জানান, সোহাগ শাহজালাল হলের ৩৩৩ নম্বর রুমে একা থাকতেন। সকালে দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দীর্ঘক্ষণ কোনো সাড়া শব্দ না পাওয়ায় ছাত্ররা তাঁর দরজায় ধাক্কাধাক্কি করে। এর পরও সাড়া না পাওয়ায় হলের কর্মচারীদের খবর দেন তাঁরা। পরে ছাত্র ও হল কর্মচারীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে সোহাগের ঝুলন্ত লাশ দেখতে পায়। হাসিবুর আরও জানান, অনেক দিন থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন সোহাগ। প্রায়ই তিনি হলের ছাত্রদের সঙ্গে উত্তেজিত হয়ে পড়তেন। শাহজালাল হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট শাহেদ দীন সাদিক প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আজ সকাল সাড়ে নয়টার দিকে হলের ছাত্র ও কমচারীদের কাছ থেকে এই খবর পান তিনি। পরে পুলিশকে খবর দিলে বেলা সোয়া ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। সোহাগের বাবার নাম তোরাব হাওলাদার। তাঁর গ্রামের মাদারিপুর জেলার কালকিনি উপজেলার পূর্ব মাইজপাড়া এলাকায়।