চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ও হাসিনার নামে হল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে নতুন দুটি আবাসিক হল নির্মাণ করা হবে। আজ বুধবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৪৭২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন।জানা গেছে, প্রস্তাবিত বঙ্গবন্ধু হলে ৭৫০ জন ছাত্র ও শেখ হাসিনা হলে ৭৫০ জন ছাত্রীর আবাসনব্যবস্থা করা হবে।গত বছরের ২১ ডিসেম্বর অনুষ্ঠিত একনেকের সভায় দুটি হল নির্মাণের প্রস্তাব পাস হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ১০টি হল রয়েছে। এর মধ্যে সাতটি ছাত্র ও তিনটি ছাত্রী হল।সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আদালতের নিষেধাজ্ঞার কারণে হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা বিভাগ ও ইতিহাস বিভাগে শিক্ষক নিয়োগ স্থগিত থাকবে। এ ছাড়া বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটে প্রভাষক পদে নির্বাচনী কমিটির সিদ্ধান্ত পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এদিকে সমাজতত্ত্ব বিভাগে অচলাবস্থা ও প্রাচ্য ভাষা (পালি ও সংস্কৃত) বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের আন্দোলনের বিষয়টি খতিয়ে দেখতে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সমাজবিজ্ঞান অনুষদের ডিন জ্যোতিপ্রকাশ দত্ত ও কলা অনুষদের ডিন গোলাম কিবরিয়া ভূঁইয়াকে তদন্ত কমিটি দুটির প্রধান করা হয়েছে।