চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের ধরায় আলাওল হলে ছাত্রলীগের ভাঙচুর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হলে আজ শনিবার ছাত্রলীগ কর্মীরা হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তারা প্রাধ্যক্ষের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। বহিরাগতদের বের করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়। এর আগে গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে মাস্টার দা সূর্য সেন হলে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষে চারজন আহত হয়েছে।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আকতার হোসেন প্রথম আলোকে জানান, আলাওল হলে ভাঙচুর ও সূর্য সেন হলে সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এসব ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জানা গেছে, আজ বেলা ১১টার দিকে আলাওল হলে অবস্থানরত বহিরাগতদের চিহ্নিত করতে প্রাধ্যক্ষ হোসাইন কবির অভিযান চালান। এ সময় তিনি বিভিন্ন কক্ষ থেকে ছয়জন বহিরাগতকে আটক করেন। এ সময় ছাত্রলীগের একদল কর্মী আটক ব্যক্তিদের নিজেদের কর্মী দাবি করে। একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে প্রাধ্যক্ষের কার্যালয়, হল দপ্তর, নোটিশ বোর্ড, টেলিফোন সেট ও এক কর্মচারীর সাইকেল ভাঙচুর করে। ভাঙচুরের সময় জালাল নামের ছাত্রলীগের এক কর্মী আহত হন। ছাত্রলীগ কর্মীরা প্রাধ্যক্ষ ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ করেন হলের একজন আবাসিক শিক্ষক।ছাত্রলীগ কর্মীরা বেলা দুইটার দিকে প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকদের পদত্যাগ দাবি করে হলের সামনে বিক্ষোভ মিছিল করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।প্রাধ্যক্ষ হোসাইন কবির বলেন, হলের আবাসিক শিক্ষক মাহবুব মোর্শেদকে আহ্বায়ক করে তিন সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে জড়িতদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবুল মনসুর জামশেদ দাবি করেন, আলাওল হল কর্তৃপক্ষের বৈষম্যমূলক নীতির প্রতিবাদ জানিয়েছে কর্মীরা। তবে ভাঙচুরের সঙ্গে ছাত্রলীগের কর্মীরা জড়িত ছিলেন না। সূর্য সেন হল সূত্রে জানা গেছে, গতকাল রাত তিনটার দিকে সিনিয়র-জুনিয়র ছাত্রদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে ছাত্রলীগের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের ছাত্র আল-আমিন, মাহবুব, জামিলুর রহমান ও ইসমাইল আহত হন। তাঁদেরকে বিশ্ববিদ্যালয়ের চিকি ৎসা কেন্দ্র ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মাস্টার দা সূর্য সেন হলের সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে প্রাধ্যক্ষ তপন কুমার নাথ বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে কর্তৃপক্ষ বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক জরিন আখতারকে প্রধান করে তিন সদস্যর একটি কমিটি গঠন করেছে। এ ছাড়া শাহ আমানত হলের প্রাধ্যক্ষ কলিম উদ্দিন ভূঁইয়াকে প্রধান করে ইনস্টিটিউট থেকে আরও একটি কমিটি করা হয়েছে।হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার বাবুল আকতার বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশ ছাড়া আমরা কোনো কিছু করতে পারি না।’