চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেন অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত শনিবার দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মদদদাতাদের বহিষ্কারের দাবিতে আজ বুধবার দুপুর থেকে শাটল ট্রেন অবরোধ করে রেখেছে ছাত্রলীগের একাংশ। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকও বন্ধ করে দেয়।গত শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মামুনুর হক ও সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপুর অনুসারী দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় মামুনুর হকের অনুসারীরা আলমগীর টিপুকে দায়ী করে তাঁকে বহিষ্কারের দাবি জানান। এ দাবিতে আজ বেলা সোয়া একটা থেকে চট্টগ্রাম রেলস্টেশনে শাটল ট্রেন চলাচল বন্ধ করে দেন তাঁরা। একই সময়ে তাঁরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকও বন্ধ করে দেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বহনকারী বাস চলাচল বন্ধ হয়ে যায়।ছাত্রলীগের সহ-সম্পাদক কিশোর দাশ প্রথম আলো ডটকমকে বলেন, আলমগীর টিপুকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার না করা পর্যন্ত তাঁদের অবরোধ অব্যাহত থাকবে।