চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবিরের সংঘর্ষের সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আজ বৃহস্পতিবার সকালে করা একটি মামলায় ১২ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল সংঘর্ষের পর তাঁদেরকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক আছেন। সকালে হাটহাজারি থানার উপপরিদর্শক (এসআই) সেন্টু মিয়া বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ছাত্র শিবিরের ১২ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।এদিকে, আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা হল ছাড়তে শুরু করেছেন। তাঁদের জন্য বিশেষ বাস ও ট্রেনের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।গতকালের সংঘর্ষে নিহত দুজনই ছাত্রশিবিরের নেতা। সংঘর্ষে প্রক্টরসহ অন্তত ৪০ জন আহত হন। আজ বিকেল চারটায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভা আহ্বান করা হয়েছে।প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও পুলিশ জানায়, ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে উভয় পক্ষের কিছু নেতা-কর্মী পাশের পাহাড়ে উঠে যান। সেখানেও তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা শিবিরের দুই নেতাকে ঘিরে ফেলে পেটাতে থাকেন। এ সময় গুলির শব্দ শোনা যায়। পরে সংঘর্ষ একটু থেমে এলে পাহাড়ের ওপর থেকে আহত দুজনকে উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নেওয়ার পথে আহত মোজাহিদ মারা যান। আর মাসউদকে হাসপাতালে নেওয়ার পর চিকিত্সকেরা মৃত ঘোষণা করেন।