চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলেছে, ক্লাস শুরু হচ্ছে কাল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো প্রায় দেড় মাস পর গতকাল বৃহস্পতিবার খুলে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা শুরু হবে কাল শনিবার থেকে।গতকাল হলে ওঠা ছাত্রছাত্রীর সংখ্যা ছিল কম। নতুন নিয়ম অনুযায়ী, তাঁরা এক কপি ছবি এবং নির্ধারিত ফরম পূরণ করে হলে ওঠেন। হলে বহিরাগত ঠেকাতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে হল কর্তৃপক্ষ জানায়।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের ১০টি আবাসিক হল গতকাল সকাল ১০টায় ছাত্রছাত্রীদের জন্য খুলে দেওয়া হয়। আবাসিক ছাত্রছাত্রীরা এক কপি ছবি জমা দিয়ে ও প্রশাসনের নির্ধারিত ফরম পূরণ করে হলে ওঠেন। স্যার এ এফ রহমান হলের আবাসিক ছাত্র ওমর ফারুক বলেন, ‘সকালে নির্ধারিত ফরম পূরণ করে ও সদ্য তোলা এক কপি রঙিন ছবি জমা দিয়ে নিজের কক্ষে উঠেছি।’ অন্যান্য হলেও ছিল এ ব্যবস্থা। তবে সব হলেই শিক্ষার্থী উঠেছেন কমসংখ্যক। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য মো. আলাউদ্দিন হলগুলো পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রক্টর জসিম উদ্দিন, ছাত্র উপদেষ্টা তৌহিদ হোসেন চৌধুরী।প্রথম দিনে কমসংখ্যক শিক্ষার্থীর হলে ওঠা প্রসঙ্গে আলাওল হলের প্রাধ্যক্ষ হোসাইন কবির বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা শুরু হবে শনিবার। কাল (আজ শুক্রবার) সাপ্তাহিক ছুটি। এ কারণেই হলে ছাত্রছাত্রীর উপস্থিতির হার কম। শনিবারের মধ্যেই সবাই হলে উঠে যাবে। তিনি জানান, গতকাল আলাওল হলে ১৭ জন ছাত্র উঠেছে। এ হলে আবাসিক ছাত্রসংখ্যা ২৫৯ জন।প্রসঙ্গত, গত ২ আগস্ট বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পবিত্র রমজান মাস ও ঈদের ছুটি এগিয়ে এনে সে দিনই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশও দেওয়া হয়।প্রক্টর জসিম উদ্দিন দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।ক্যাম্পাস পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম জানান, ক্যাম্পাসে পুলিশের শতাধিক সদস্য মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় খোলার দিন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আরও পাঁচ প্লাটুন পুলিশ মোতায়েন করা হবে।আজ নাগরিক সমাবেশ: এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম শহীদ মিনারে নাগরিক সমাবেশের আয়োজন করেছে ‘বর্ধিত বেতন-ফিবিরোধী সাধারণ ছাত্রছাত্রীবৃন্দ’। গত বুধবার এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।বর্ধিত বেতন-ফিবিরোধী সাধারণ ছাত্রছাত্রীবৃন্দ-এর সমন্বয়ক তবারক হোসেন বলেন, ‘আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’ছাত্রছাত্রীদের আন্দোলন প্রসঙ্গে প্রক্টর জানান, উপাচার্য বিদেশে থাকায় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। দু-এক দিনের মধ্যে তিনি দেশে ফিরবেন। এর পরই আবার শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসা হবে।