চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র খুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেক মেধাবী ছাত্র খুন হয়েছেন। গত সোমবার সকালে চৌধুরীহাট ও সেনানিবাস রেলস্টেশনের মাঝামাঝি বড়দীঘির পাড় এলাকায় রেললাইনের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত এই ছাত্রের নাম মো. হারুন-অর-রশিদ ওরফে কায়সার (২২)। তিনি মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের (নতুন) ছাত্র ছিলেন। দুই মাসেরও কম সময়ের ব্যবধানে একই বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র খুন হলেন। গত ১১ ফেব্রুয়ারি খুন হন রাজনীতিবিজ্ঞানের ছাত্র মহিউদ্দিন ওরফে মাসুম। ছাত্রশিবির হারুনকে তাদের সংগঠনের নেতা বলে দাবি করেছে।জানা গেছে, গত সোমবার চৌধুরীহাট এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়। প্রথমে পুলিশ লাশটি শনাক্ত করতে পারেনি। পরে রাতে অনেক খোঁজাখুঁজির পর নিহত যুবকের পরিচয় পাওয়া যায়, তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হারুন। থাকতেন শাহজালাল হলের বর্ধিত ভবনের (এক্সটেনশন) ১/১ নম্বর কক্ষে। দুই মাস আগে তিনি হলে ওঠেন। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার ভরদ্বাজহাট এলাকার রাঘবপুর গ্রামে। তাঁর বাবার নাম মো. দিদারুল হক। তিনি দুর্গাপুর উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী।গতকাল মঙ্গলবার সকালে মার্কেটিং বিভাগের সভাপতি ও শাহজালাল হলের প্রাধ্যক্ষ এস এম সালামত উল্লাহ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ‘হারুন আমার বিভাগের ছাত্র। সে শাহজালাল হলের আবাসিক ছাত্র ছিলেন।’যেভাবে লাশ শনাক্ত: সোমবার সকালে ক্যাম্পাসে খবর ছড়িয়ে পড়ে, চৌধুরীহাট স্টেশনের পাশে অজ্ঞাতনামা যুবকের ক্ষতবিক্ষত লাশ পড়ে রয়েছে। লাশটি দেখতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ আশপাশের লোকজন সেখানে ভিড় করে। খবর পেয়ে হাটহাজারী থানার পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধার করে দুপুরেই রেলওয়ে থানায় (জিআরপি) হস্তান্তর করা হয়। এ ঘটনায় সোমবার রাতে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে জিআরপি পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করে।শাহজালাল হলে হারুনের রুমমেট মুহম্মদ আমিনুল ইসলাম বলেন, ‘রোববার বিকেলে তিনি একটি কম্পিউটার কোর্সের ক্লাস করতে যাওয়ার কথা বলে কক্ষ থেকে বের হন। রাতে না ফেরায় সোমবার তাঁর মোবাইলে ফোন করে বন্ধ পাই। হলের কয়েকজন ছেলের কাছে তাঁর খোঁজ নিতে গিয়ে মোবাইলে একটি লাশের ছবি দেখি। এরপর সব ছাত্রকে জানাই, সে আমার রুমমেট ছিল।’বড়দীঘির পাড় এলাকায় গিয়ে দেখা যায়, আশপাশে অন্তত এক কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নেই। এই নির্জন জায়গায় হারুনের লাশ কীভাবে এল, এ প্রশ্ন সবার। তবে পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানায়, শাটল ট্রেনে ফেরার পথে বগির ভেতর দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে ফেলে দিতে পারে। আরেকটি সূত্র জানায়, চৌধুরীহাট স্টেশন এলাকায় বিশ্ববিদ্যালয় ছাত্রদের অনেক মেস আছে। সেখান হয়তো কারও কাছে যেতে পারেন তিনি। ওই মেস থেকে ডেকে নিয়ে তাঁকে হত্যা করা হয়।জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদউল্লাহ প্রথম আলোকে জানান, হারুনের পকেটে চট্টগ্রাম শিল্প ও বাণিজ্য মেলায় প্রবেশের একটি টিকিট পাওয়া গেছে। মনে হচ্ছে, খুন হওয়ার আগে তিনি ওই মেলায় বেড়াতে গিয়েছিলেন। গত শনিবার রাতে মেলা শেষ হয়।ক্লাস-পরীক্ষা চলবে: হারুনের মৃত্যুর পর ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে আবার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেউ কেউ ক্যাম্পাস ছেড়ে শহরে চলে যাচ্ছেন। তবে উপাচার্য আবু ইউসুফ গতকাল সকালে সাংবাদিকদের জানান, ক্লাস-পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। এদিকে বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গতকাল বিকেলে প্রশাসনিক কার্যালয়ে পুলিশের সঙ্গে জরুরি বৈঠক করেন উপাচার্য। তিনি প্রথম আলোকে বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ বিভাগকে নির্দেশ দিয়েছি।’ উপাচার্য জানান, এ ঘটনায় বন ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষক মো. মহিউদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।শিবিরের সংবাদ সম্মেলন: নিহত হারুনকে ছাত্রশিবির তাদের দলীয় নেতা বলে দাবি করেছে। গতকাল বিকেলে নগরের চকবাজারে এক সংবাদ সম্মেলনে শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নেছার আহমেদ দাবি করেন, ‘নিহত কায়সার আমাদের মার্কেটিং বিভাগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। আমরা খুনিদের বিচার এবং এ ঘটনায় ছাত্রলীগের সংশ্লিষ্টতা খতিয়ে দেখার দাবি করছি।’তবে কায়সার কোনো রাজনৈতিক দলের কর্মী ছিলেন কি না, এ বিষয়ে তাঁর সহপাঠীরা কেউ সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারেননি। হারুনের বাবা দিদারুল হক বলেন, ‘ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছি পড়াশোনা করতে, রাজনীতি করতে নয়। সে কোনো দল-টল করত না।’বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি আনিসুজ্জামান বলেন, ‘ক্যাম্পাস ও শাটল ট্রেনে নিরাপত্তা জোরদার করতে প্রশাসনকে আমরা একাধিকবার বলেছি। নিরাপত্তা না থাকায় কায়সারের মতো ছেলের মৃত্যু হয়েছে। আমরা এ ঘটনার বিচার দাবিতে বুধবার (আজ) নগরে মানববন্ধন কর্মসূচি পালন করব।’