তিন দিন ক্লাস-পরীক্ষা স্থগিত, অবরোধ ডেকেছে ছাত্রলীগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র খুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরও এক ছাত্র খুন হয়েছেন। তাঁর নাম মো. আসাদুজ্জামান। তিনি হিসাববিজ্ঞান দ্বিতীয় বর্ষের ছাত্র ও বাংলাদেশ ছাত্রলীগের কর্মী। গত বৃহস্পতিবার রাতে তিনি বিশ্ববিদ্যালয়ের স্টেশন চত্বরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার বিকেলে তিনি মারা যান।এ নিয়ে প্রায় দুই মাসের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্র খুন হলেন। এর আগে গত ১১ ফেব্রুয়ারি রাজনীতিবিজ্ঞান বিভাগের ছাত্র মহিউদ্দিন চট্টগ্রাম নগরের ষোলশহর রেলস্টেশনে ও ২৯ মার্চ মার্কেটিং বিভাগের ছাত্র হারুন-অর-রশিদ ওরফে কায়সার হাটহাজারীর চৌধুরীহাট এলাকায় খুন হন।আসাদের মৃত্যুর পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল বিশেষ জরুরি সভায় আজ শনিবার থেকে তিন দিনের জন্য বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। এ তিন দিন শাটল ট্রেনও বন্ধ থাকবে। আসাদের মৃত্যুতে শোক পালনের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. জসিমউদ্দিন গত রাতে এ তথ্য জানান।আসাদ হত্যার প্রতিবাদে ছাত্রলীগ আজ শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ে লাগাতার অবরোধ কর্মসূচি দিয়েছে। সংগঠনটি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগও দাবি করেছে।যেভাবে হামলা হয়: প্রত্যক্ষদর্শীরা জানান, আসাদ ও তাঁর দুই বন্ধু রসায়ন বিভাগের মো. মীর হোসেন ওরফে মেরাস এবং দর্শনের ছাত্র মো. মোয়াজ্জেম হোসেন বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন চত্বরে শাহী মঞ্জিলের সামনে আড্ডা দিচ্ছিলেন। এ সময় লুঙ্গি পরা তিন যুবক এসে সেখানে কী হচ্ছে, তা তাঁদের কাছে জানতে চায়। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ওই সন্ত্রাসীরা আসাদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। মেরাস ও মোয়াজ্জেমকে তারা টেনে-হিঁচড়ে রেললাইনের কাছে নিয়ে যায়। এক ঘণ্টা পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।আহত আসাদকে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে এবং পরে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।আসাদের ওপর হামলার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ছাত্ররা দলবেঁধে এক নম্বর গেট এলাকায় যান। সেখানে স্থানীয় গ্রামবাসীর সঙ্গে ছাত্রদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। ছাত্ররা ক্যাম্পাসে ফেরার সময় মাজারের সামনে পুলিশ তাঁদের লাঠিপেটা করে। এতে ফজলে রাব্বি, সীতাব, মেহেরাব, লিটন, অমিতসহ ১০ জন আহত হন। আহত পাঁচজনকে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও পরে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়।হামলার কারণ: সূত্র জানায়, পয়লা বৈশাখ রাতে ক্যাম্পাসে বর্ষবরণ অনুষ্ঠানের সময় ১ নম্বর গেট এলাকার এক ব্যক্তির সঙ্গে কয়েকজন ছাত্রের কথাকাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে। এদিকে আসাদের বন্ধুরা জানান, পরিসংখ্যান বিভাগের ছাত্র ও ছাত্রলীগের কর্মী আরেক আসাদের সঙ্গে স্থানীয় লোকদের দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে হয়তো ওই আসাদ ভেবে হিসাববিজ্ঞানের আসাদের ওপর হামলা হয়েছে। এ প্রসঙ্গে পরিসংখ্যান বিভাগের ছাত্র আসাদ প্রথম আলোকে বলেন, ‘আমার সঙ্গে স্থানীয় কয়েকজনের রাজনৈতিক বিরোধ রয়েছে। এর জের ধরে ওরা হয়তো আমাকে মারতে এসেছিল।’সব চেষ্টা ব্যর্থ: আসাদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর দুই ঘণ্টা তাঁর অস্ত্রোপচার করা হয়। গতকাল সকালে তাঁকে ক্যাজুয়ালটি ওয়ার্ড থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসযন্ত্রের মাধ্যমে তাঁকে বাঁচিয়ে রাখা হয়।হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসক জানান, আসাদের পা ও কোমরে নয়টি ছুরিকাঘাতের চিহ্ন ছিল। বিশ্ববিদ্যালয় থেকে হাসপাতালে আনার পথে তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়। তাঁর বন্ধুরা নয় ব্যাগ রক্ত দেন। কিন্তু সব চেষ্টা বৃথা করে বিকেল পৌনে পাঁচটার দিকে আসাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুর খবর পেয়ে আসাদের বড় ভাই আলী হাসান ও সহপাঠীরা কান্নায় ভেঙে পড়েন। ভাই আহত হওয়ার খবর পেয়ে হাসান পটিয়া থেকে দুপুরে হাসপাতালে আসেন।আসাদ বিশ্ববিদ্যালয়ের গুলবাহার কটেজে থাকতেন। তাঁর বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার শাওরাইল ইউনিয়নের ভিটি গ্রামে। বাবার নাম মো. তায়জুল ইসলাম। তিনি পেশায় কৃষক। তিন ভাই ও পাঁচ বোনের মধ্যে আসাদ ছিলেন সবার ছোট।অবরোধ: আসাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে অপেক্ষমাণ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মী ও আসাদের বন্ধুরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা আইসিইউ থেকে আসাদের লাশ নিয়ে মিছিল করে মর্গের দিকে যান। এ সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু ইউসুফ ও প্রক্টরের পদত্যাগ দাবি করে স্লোগান দেন। হাসপাতাল থেকে প্রধান সড়কে উঠে তাঁরা একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি প্রাইভেটকার, একটি মাইক্রোবাস এবং ফুটপাতের কয়েকটি ভ্রাম্যমাণ দোকান ভাঙচুর করেন।ছাত্ররা বিকেল পাঁচটা থেকে মর্গের সামনে সড়কে বসে অবরোধ সৃষ্টি করেন। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন মেহরাব বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় এলাকাবাসীর পক্ষ নিয়ে ছাত্রদের দিকে কখনো পুলিশ, কখনো শিবিরকে লেলিয়ে দেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কারণেই আজ আমাদের সহপাঠীকে এভাবে মরতে হলো।’ময়নাতদন্ত শেষে রাত সোয়া আটটার দিকে আসাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।পুলিশের তল্লাশি ও গ্রেপ্তার: বৃহস্পতিবার রাত দুইটার দিকে ক্যাম্পাসের এস আলম কটেজে তল্লাশি চালিয়ে হাটহাজারী থানার পুলিশ ছাত্রলীগের চার কর্মী জাহিদুল ইসলাম, শান্তনু মহাজন, রাসেল বড়ুয়া ও আসতারুল হককে গ্রেপ্তার করে। তাঁদের গ্রেপ্তারের পর ছাত্ররা মিছিল বের করেন। রাত সাড়ে তিনটা পর্যন্ত এলাকাবাসী ও ছাত্রদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। এলাকাবাসীর অনেকে লাঠিসোঁটা নিয়ে ১ নম্বর রেলগেট এলাকায় অবস্থান নেয়। বিকেল পর্যন্ত তাদের অনেককে সেখানে অবস্থান করতে দেখা যায়।ছাত্রলীগের কর্মসূচি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন হাসপাতালে সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রশাসনকে পাঁচ দফা দাবি দিয়েছি। দাবিগুলোর মধ্যে রয়েছে আসাদের হত্যাকারীদের বিচার, প্রক্টর জসিমউদ্দিন ও ছাত্র উপদেষ্টা তৌহিদ হোসেন চৌধুরীর পদত্যাগ, গ্রেপ্তারকৃতদের মুক্তি ইত্যাদি। এসব দাবি অবিলম্বে বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমাদের লাগাতার অবরোধ কর্মসূচি কাল (আজ শনিবার) থেকে চলবে।’প্রশাসনের বক্তব্য: ঘটনা প্রসঙ্গে প্রক্টর মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, ‘কী কারণে ঘটনাটি ঘটেছে, আর কারা ঘটিয়েছে, তা আমরা ভালোভাবে খতিয়ে দেখছি। অপরাধী যে-ই হোন, তিনি নিস্তার পাবেন না।’এলাকাবাসীর বক্তব্য: ফতেপুর গ্রামের বাসিন্দা মো. সরওয়ার হোসেন মেম্বার বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে কয়েকজন উচ্ছৃঙ্খল ছাত্র এসে ১ নম্বর গেট এলাকায় দোকানপাট ভাঙচুর করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমি লোকজনকে শান্ত করার চেষ্টা করি।’