চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রের প্রাণ গেল বাসচাপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বাসচাপায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ লোকজন রাস্তায় নেমে আসে। তারা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া আরও দু-তিনটি গাড়ি ভাঙচুর করা হয়।জানা গেছে, ওই ছাত্রের নাম সরোয়ার কামাল (২২)। তিনি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তিনি ঘটনাস্থলের পাশে নুরুল হুদার মেসে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়ার বদরখালী এলাকায়।নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যুর পর কিছু লোক গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়। আমরা ওই এলাকায় গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছি।’পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে মুরাদপুরের রওশন বোর্ডিংয়ের সামনে দিয়ে সরোয়ার রাস্তা পার হয়ে তাঁর মেসের দিকে যাচ্ছিলেন। এ সময় উল্টো পথ দিয়ে আসা সিটি সার্ভিসের একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। দুর্ঘটনার পরপরই মেস থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও আশপাশের লোকজন রাস্তায় নেমে অবরোধ সৃষ্টি করে। এ সময় তাঁরা দুর্ঘটনার জন্য দায়ী বাসটিতে আগুন দেয়। তাঁরা আরেকটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। বাসের চালক পালিয়ে গেছেন। বহদ্দারহাট এলাকায়ও দু-তিনটি গাড়ি ভাঙচুর করার খবর পাওয়া গেছে।জনতার অবরোধ-ভাঙচুরের কারণে ওই সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। মুরাদপুর এলাকার ওই সড়ক দিয়ে যানবাহন কক্সবাজার, বান্দরবান, চন্দ্রঘোনা ও কাপ্তাইয়ের দিকে যায়।