চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুটি হলে তল্লাশি রামদা-রড উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত ও শাহজালাল হলে আজ বৃহস্পতিবার তল্লাশি চালিয়ে কয়েকটি রামদা, ছুরি ও রড উদ্ধার করেছে পুলিশ। ছাত্রলীগের সমর্থক দুটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার পর এ তল্লাশি চালানো হয়।পুলিশের বিশ্ববিদ্যালয় ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশের হাটহাজারী সার্কেলের এএসপি বাবুল আকতারের নেতৃত্বে আজ বিকেল পাঁচটার দিকে হল দুটিতে তল্লাশি শুরু হয়। দুই হলের প্রতিটি কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় বিভিন্ন কক্ষ থেকে ছয়টি রামদা ও ছুরি, ১০-১৫টি রড উদ্ধার করা হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তল্লাশি শেষ হয়।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ছাত্রলীগের সমর্থক সিএফসি (চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার) এবং ভিএক্স (ভার্সিটি এক্সপ্রেস) পক্ষের সদস্যদের মধ্যে গত বুধবার দুপুরের সংঘর্ষের জের ধরে আজও পাল্টাপাল্টি ধাওয়া হয়। সকালে শহীদ আব্দুর রব হলের মাঠে ভিএক্স পক্ষের সদস্যরা সিএফসি পক্ষের কয়েকজন সদস্যকে ধাওয়া করে। এর পর বেলা সোয়া একটার দিকে শাহ আমানত ও শাহজালাল হলের সামনে সিএফসির সদস্যরা ভিএক্সের সদস্যদের পাল্টা ধাওয়া করে। এ সময় উভয় পক্ষ রামদা, কিরিচ, ছুরি, রড ও লাঠিসোঁটা ব্যবহার করে। এরই পরিপ্রেক্ষিতে শাহ আমানত ও শাহজালাল হলে তল্লাশি চালানো হয়।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আকতার হোসেন বলেন, হল কর্তৃপক্ষ ও প্রক্টরিয়াল বডির সদস্যদের সহযোগিতায় পুলিশ দুটি আবাসিক হলে তল্লাশি চালায়।হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, রামদা, রড উদ্ধারের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।চারজন কারাগারে: সূত্র জানায়, বুধবার ওই দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আটক ১০ জনের মধ্যে চারজনকে পুলিশ আজ আদালতে হাজির করে। তাঁরা হলেন রন্টু দাশ, রাকিব হোসেন, সাইফুল ইসলাম ও সুদীপ চন্দ্র বিশ্বাস। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বুধবারের ঘটনায় হাটহাজারী থানায় পুলিশ যে মামলা করেছে তাতে ওই চারজন এবং রাকিব হোসেন (বড়), সাকিব ভূঁইয়া ও ফজলে রাব্বি সুজনকে আসামি করা হয়। আটক অন্য ছয়জনকে বুধবার রাতেই ছেড়ে দেওয়া হয়।