চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেতন-ফি বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত, শিক্ষার্থীদের আন্দোলন চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেতন-ফি বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করেছে কর্তৃপক্ষ। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মো. আলাউদ্দিনের সভাপতিত্বে ডিনদের নিয়ে গঠিত উচ্চপর্যায়ের কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে ডেপুটি রেজিস্ট্রার ফরহাদ হোসেন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেতন-ফি বাড়ানোর সিদ্ধান্ত স্থগিতের কথা জানানো হয়। এরপরও শিক্ষার্থীরা এক সপ্তাহের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, দেড় মাস বন্ধ থাকার পর আজ ক্যাম্পাস খুলেছে। বর্ধিত বেতন-ফি প্রত্যাহারসহ ছয়দফা দাবিতে শিক্ষার্থীরা আজ সকাল থেকে ক্যাম্পাসে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছেন। এসব কর্মসূচির পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ বেতন-ফি বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করে। আজ প্রথম দিন ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। তবে বিভিন্ন বিভাগে ক্লাস ও পরীক্ষা হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত, গত ২৮ মে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৫৯তম সিন্ডিকেট সভায় বেতন-ফি বাড়ানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এর প্রতিবাদে শিক্ষার্থীরা গত ২৬ জুলাই ক্যাম্পাসে আন্দোলন শুরু করেন। আন্দোলন চলাকালে ২ আগস্ট শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ হয়। এ সময় একদল মুখোশধারী যুবক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে ব্যাপক ভাঙচুর চালায়। উদ্ভূত পরিস্থিতিতে জরুরি সিন্ডিকেট সভায় পবিত্র রমজান ও ঈদের ছুটি এগিয়ে এনে ওই দিন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হলত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বর্ধিত বেতন-ফির ব্যাপারে সিদ্ধান্ত নিতে আজ সকাল সাড়ে ১০টার দিকে উপ-উপাচার্য অধ্যাপক মো. আলাউদ্দিনের দপ্তরে ডিন কমিটির জরুরি বৈঠক বসে। বৈঠকে বেতন-ফি বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত এবং বিষয়টি পর্যালোচনা করতে নয় সদস্যের উচ্চপর্যায়ের একটি রিভিউ কমিটি গঠন করা হয়েছে। সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জ্যোতি প্রকাশ দত্তকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। রিভিউ কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ডিন, প্রক্টর, ছাত্র উপদেষ্টাকে রাখা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।অধ্যাপক মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, বর্ধিত বেতন-ফির বিষয়ে পুনর্বিবেচনার জন্য রিভিউ কমিটি গঠন করা হয়েছে।এর আগে শিক্ষার্থীরা চাকসু ভবনের সামনে জড়ো হয়ে কালো পতাকা মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ভবন প্রদক্ষিণ করে পুনরায় চাকসু ভবনের সামনে এসে শেষ হয়। সেখানে এক সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের ছয়দফা দাবি মেনে নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। শিক্ষার্থীরা এ সময় বেতন-ফি বৃদ্ধির প্রতিবাদে কালো ব্যাজ ধারণ ও বিভিন্ন অনুষদ ভবনে কালো পতাকা উত্তোলন করেন। এদিকে বেতন-ফি বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করার পরও ‘বর্ধিত বেতন-ফিবিরোধী সাধারণ ছাত্রছাত্রীরা’ সাত দিনের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন। সংগঠনের সমন্বয়ক তবারক হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের ছয়দফা দাবি বিবেচনা না করে শুধু বেতন-ফির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’জানা গেছে, সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে আছে ক্যাম্পাসে বিভিন্ন অনুষদ ভবনে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা মিছিল, আলোকচিত্র, ব্যঙ্গচিত্র ও তথ্যচিত্র প্রদর্শন, গণস্বাক্ষর সংগ্রহ ইত্যাদি।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জসিমউদ্দিন জানান, এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কোনো কর্মসূচিতে বাধা দেওয়া হবে না।