চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পুলিশ সংঘর্ষ আজও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্ধিত বেতন-ফি প্রত্যাহারসহ তিন দফা দাবিতে আজ রোববার আবারও নগরের ষোলশহর এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিন পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হন। পুলিশ এ ঘটনায় অন্তত ২০ জন শিক্ষার্থীকে আটক করেছে। সংঘর্ষের সময় শিক্ষার্থীরা বিক্ষিপ্তভাবে ২০টি গাড়ি ভাঙচুর করে। এর মধ্যে সেনানিবাসের পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বহনকারী একটি বাসও রয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত শিক্ষার্থীরা শহরের প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। পরে বিকেল তিনটার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের ষোলশহর দুই নম্বর গেটের মোড়ে বসে সড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় পুলিশ তাঁদের লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে। এতে পুলিশের তিন সদস্য ও দুই ছাত্র আহত হন। এই দুই ছাত্রকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার রেজাউল মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের পর শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২০ জনকে আটক করা হয়। বিকেল পাঁচটার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।গতকাল শনিবার ষোলশহর স্টেশনের সামনে সাড়ে পাঁচ ঘণ্টা শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখেন। এ সময় নগরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এর আগে সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেন। তাঁরা চারটি অনুষদ ভবন এবং প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা লাগিয়ে দেন। শিক্ষার্থীরা শরীরের রক্ত দিয়ে দেয়ালে লিখে বেতন-ফি বাড়ানোর প্রতিবাদ জানান। প্রসঙ্গত, বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে গত সোমবার থেকে শিক্ষার্থীরা আন্দোলন করছেন।