বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের শহীদ মিনার চত্বরে সংহতি সমাবেশ করেছেন। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ সমাবেশ হয়।এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর ও সন্ত্রাসী ঘটনায় পুলিশের করা মামলায় ছয় ছাত্রের এক দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে। গতকাল চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কেশব রায় চৌধুরী এ রিমান্ড মঞ্জুর করেন।সমাবেশে সংহতি প্রকাশ করে জামাল নজরুল ইসলাম বলেন, ‘আমি বাংলাদেশের পক্ষে, আমি আমার সন্তানদের পক্ষে। আমি অবিলম্বে আমার সন্তানদের নিঃশর্ত মুক্তি চাই।’ তিনি বলেন, বেতন-ফি বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক। অবিলম্বে বর্ধিত বেতন-ফি প্রত্যাহার করতে হবে।সমাবেশে আরও সংহতি প্রকাশ করেন শহীদজায়া বেগম মুশতারী শফি, চট্টগ্রাম সিটি করপোরেশনের নারী কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস, প্রবীণ আইনজীবী রানা দাশগুপ্ত, কলেজশিক্ষক অশোক সাহা, অভিভাবক মজিবুর রহমান, দিলীপ মজুমদার প্রমুখ।এ ছাড়া বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্রমৈত্রী, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, ছাত্র অধিকার আন্দোলন (ঢাকা বিশ্ববিদ্যালয়), প্রপদ (ঢাকা বিশ্ববিদ্যালয়), উদীচী ও চারণ সাংস্কৃতিক গোষ্ঠীও সংহতি জানায়।ছয় ছাত্রের রিমান্ড মঞ্জুর: আদালত সূত্র জানায়, ভাঙচুরের ঘটনায় পুলিশের করা মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৩ ছাত্রকে সাত দিন করে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন জানায় পুলিশ। এর পরিপ্রেক্ষিতে আদালত জাহাঙ্গীর আলম, রমজান আলী, এ বি এম মাসুদ, শাহাদাৎ, আকতারুজ্জামান ও রায়হানুল ইসলামের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এজাহারভুক্ত আসামি না হওয়ায় আদালত বাকি ১৭ ছাত্রের রিমান্ড মঞ্জুর করেননি।বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে গত সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে এই মামলাসহ দুটি মামলা হয়। অপর মামলাটি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একটি মামলায় ৭০ জন এবং অন্যটিতে ৭৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েক শ ছাত্রকে আসামি করা হয়।বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা ২৬ জুলাই থেকে আন্দোলন শুরু করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় রাজি না হওয়ায় সোমবার ক্যাম্পাসে ব্যাপক সংঘর্ষ ও ভাঙচুর হয়। পুলিশ ছাত্রীসহ সাধারণ শিক্ষার্থীদের নির্বিচারে লাঠিপেটা করে। একপর্যায়ে মুখোশধারী যুবকেরা ক্যাম্পাসে ব্যাপক তাণ্ডব চালায় বলে অভিযোগ ওঠে।