চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে চান্দগাঁও থানার খাজা রোডের একটি বাড়িতে মো. লোকমান মাহমুদ নামের এক ছাত্র আত্মহত্যা করেছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে। রাত দুইটার দিকে পরিবারের লোকজন লাশ কিশোরগঞ্জে গ্রামের বাড়িতে নিয়ে যায়। পাঁচলাইশ থানার সহকারী কমিশনার আবদুল মান্নান জানান, লোকমান ওই এলাকায় তাঁর বড় ভাই ও ভাবি এবং মায়ের সঙ্গে ভাড়া থাকতেন। বড় ভাই ওই এলাকার মেরন সান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। গতকাল বিকেলে বাড়ির সবাই বেড়াতে যায়। এ সময় লোকমান বাড়িতে ছিলেন। রাতে পরিবারের লোকজন বাড়ি ফিরে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পায়। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে চান্দগাঁও থানার পুলিশ ঘরের দরজা ভেঙে ঢুকে ফ্যানের সঙ্গে লোকমানের ঝুলন্ত লাশ উদ্ধার করে। রাত দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে লাশ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুর রউফ জানান, বাসা থেকে লোকমানের ডায়েরি উদ্ধার করা হয়েছে। সেখানে লোকমান লিখে গেছেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ তাঁর বড় ভাই চান্দগাঁও থানায় একটি অপমৃত্যু মামলা করছেন। নাম প্রকাশ না করার শর্তে লোকমানের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু জানান, তৃতীয় বর্ষের দুটি পরীক্ষা দেওয়ার পর লোকমান অসুস্থ হয়ে যাওয়ায় বাকি পরীক্ষাগুলো দিতে পারেননি। পরে পরীক্ষা দিতে বিশেষ অনুমতি চাইলেও বিভাগ থেকে অনুমতি দেওয়া হয়নি। এ নিয়ে লোকমান বেশ হতাশ হয়ে পড়েন।