চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হল থেকে বহিরাগত আটক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল থেকে বহিরাগত এক যুবককে আটক করেছে পুলিশ। তাঁর নাম রাজীব হাসান মামুন। গতকাল বুধবার গভীর রাতে হলের ১১৮ নম্বর কক্ষ থেকে দা ও বিপুল পরিমাণ জিহাদি বইসহ তাঁকে আটক করে পুলিশ। রাজীব নিজেকে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থী বলে দাবি করেছেন।বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘অবৈধভাবে হলে থাকার অভিযোগে রাজীবকে আটক করা হয়েছে। তাঁর কক্ষ থেকে ১২১টি জিহাদি বই, পাইপ ও একটি দা উদ্ধার করা হয়।’বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রাজীবের গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিলে।রাজীব সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করার জন্য সোহরাওয়ার্দী হল শাখা শিবিরের সভাপতি নূর হোসেন রিয়াজের তত্ত্বাবধানে তিনি হলে ওঠেন।এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে শিবির হল শাখার সভাপতি নূর হোসেন রিয়াজ বলেন, ‘রাজীব আমার মামাতো ভাই। ভর্তি কোচিং করার জন্য এখানে উঠেছে।’ তবে নূর হোসেনের সঙ্গে আত্মীয়তার সম্পর্কের বিষয়টি অস্বীকার করেছেন রাজীব।