চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে তল্লাশি, আটক ১২
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে অভিযান চালিয়ে পুলিশ আজ সোমবার রাতে ১২ জনকে আটক করেছে। টেলিভিশন সংবাদ দেখাকে কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরোধ বাধলে পুলিশ হলে তল্লাশি চালিয়ে তাঁদের আটক করে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সোহরাওয়ার্দী হলে টেলিভিশন চ্যানেলে সন্ধ্যা সাতটার খবর দেখা নিয়ে ছাত্রশিবির ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে কথাকাটাকাটি হয়। তাঁরা এ সময় ঢাকা ও চট্টগ্রামে জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর দেখতে চাচ্ছিলেন। একপর্যায়ে টেলিভিশন কক্ষের দরজা-জানালা ও টেলিভিশন ভেঙে ফেলা হয়। বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের অনুরোধে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সহকারী প্রক্টর আসাদুল হক প্রথম আলোকে এ কথা জানান।জানা যায়, এর পর রাতে অভিযান চালিয়ে পুলিশ সোহরাওয়ার্দী হলের বিভিন্ন কক্ষ থেকে ১২ জনকে আটক করে।হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিন অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ছাত্রশিবিরের ক্যাডাররা অবৈধভাবে হলে অবস্থানে নিয়ে অস্ত্রের মহড়া দিয়েছে। এ সময়ে তারা আমাদের নেতা-কর্মীদের হুমকিধমকি দিয়েছে।’ ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সালাউদ্দিন কাদের বলেন, ‘উভয়ের মধ্যে সামান্য কথাকাটি হয়েছে।’সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট আনোয়ারুল ইসলাম বলেছেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।