চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬ ছাত্রের রিমান্ড মঞ্জুর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ছয়জন ছাত্রের একদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কেশব রায় চৌধুরী এ আদেশ দেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহাঙ্গীর আলম, রমজান আলী, এ বি এম মাসুদ, শাহাদাত, আকতারুজ্জামান ও রায়হানুল ইসলামসহ ২৩ জনকে আজ আদালতে হাজির করে পুলিশ সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। আদালত এই ছয় ছাত্রের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। বাকি ১৭ জন এজাহারভুক্ত আসামি না হওয়ায় আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেননি।বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে গত সোমবার ক্যাম্পাসে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে দুটি মামলা হয়। একটি মামলায় ৭০ জন এবং অন্যটিতে ৭৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েক শ ছাত্রের বিরুদ্ধে মামলা দুটি করা হয়।