চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ কমেছে
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এ বছর মাধ্যমিক পরীক্ষায় পাসের হার বেড়েছে। তবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ফলে এ চিত্র দেখা গেছে।বোর্ড সূত্র জানায়, এবার এ বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছে ৯২১টি বিদ্যালয়ের ৭৭ হাজার ৩২৫ জন শিক্ষার্থী। পাসের হার ৭৮ দশমিক ২৭, গতবার ছিল ৭২ দশমিক ৩১। গত বছর পাঁচ হাজার ৮০০ জন জিপিএ-৫ পেলেও এবার পেয়েছে চার হাজার ৮১৯ জন শিক্ষার্থী।এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী কমে যাওয়া প্রসঙ্গে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, ‘এ বছর সাতটি বিষয়ে সৃজনশীল পদ্ধতি চালু করা হয়েছে। এ পদ্ধতিতে অভ্যস্ত হতে সময় লাগছে শিক্ষার্থীদের। এ ক্ষেত্রে ৮০-এর ওপর নম্বর তোলাও কঠিন হয়ে যায়। জিপিএ-৫ পাওয়ার সংখ্যা কমে যাওয়ার আর কোনো কারণ আমার চোখে পড়ছে না।’বোর্ড সূত্র জানায়, এ বছর শতভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যাও বেড়েছে। গত বছর ৩১টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করলেও এবার এমন বিদ্যালয়ের সংখ্যা ৪৮ হয়েছে। সেরা ১০ বিদ্যালয়ের তালিকায় প্রাধান্য পেয়েছে শহরের বিদ্যালয়গুলো।দুপুরে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নগরের মুরাদপুরে বোর্ড কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের উপসচিব মাহবুব হাসান, কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া, স্কুল-পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম প্রমুখ।পরীক্ষা নিয়ন্ত্রক এ সময় বলেন, ‘এ বছর চট্টগ্রাম বোর্ডে পাসের হার বেড়েছে। এটা আমাদের বড় ধরনের অর্জন বলতে পারি। এ ছাড়া শতভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যাও বেড়েছে। পাসের হার শূন্য এমন বিদ্যালয়ও নেই। এটিকেও আমাদের অগ্রগতি বলে ধরে নিতে পারি।’এবার প্রথম ফৌজদারহাট ক্যাডেট: চট্টগ্রাম বোর্ডে এবার প্রথম হয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। এ শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৪ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। এর আগের ১০ বছর বোর্ডে প্রথম হওয়া কলেজিয়েট স্কুল এবার হয়েছে দ্বিতীয়।প্রথম হওয়ার প্রতিক্রিয়ায় ফৌজদারহাট ক্যাডেট কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ‘আমাদের প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা এবং শিক্ষকদের আন্তরিক সহযোগিতা শিক্ষার্থীদের ভালো ফল করতে উৎসাহ জুগিয়েছে।’সেরা ১০ তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ এবং ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিকনফারেন্স: এদিকে সকালে নাসিরাবাদ সরকারি (বালক) উচ্চবিদ্যালয় মিলনায়তনে টেলিকনফারেন্সের আয়োজন করা হয়। এই প্রথম টেলিভিশনের বড় পর্দায় ফলাফল ঘোষণা দেখতে উপস্থিত হন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, জেলা প্রশাসন ও শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং সংবাদকর্মীরা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সরাসরি কথা বলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহমেদ, সাংসদ নুরুল ইসলাম বিএসসি, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, নাসিরাবাদ সরকারি (বালক) উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত দাশ ও চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা বেগম।এ সময় সাংসদ নুরুল ইসলাম তাঁর নির্বাচনী এলাকায় দুটি সরকারি বিদ্যালয় গড়ার অনুমতি চাইলে প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রামের বিত্তশালী সাংসদেরা চাইলে তো নিজেরাই বিদ্যালয় গড়তে পারেন। পরে তিনি চট্টগ্রামের সাংসদদের প্রত্যেককে তাঁদের এলাকায় একটি করে বিদ্যালয় গড়ে তোলার অনুরোধ জানান। এ ব্যাপারে সরকারের তরফ থেকে প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দেন তিনি।