চট্টগ্রাম বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে
চট্টগ্রাম বোর্ডের অধীনে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) এ বছর পাসের হার ৭৮ দশমিক ৩৫ শতাংশ। এতে সেরা ১০টি বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থানে রয়েছে চট্টগ্রামের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের মুরাদপুরে বোর্ড কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলো ডটকমকে বলেন, ‘পাসের হার ও ভালো ফলাফলের বিবেচনায় আমাদের ফলাফল ভালো হয়েছে।’ বোর্ড সূত্রে জানা যায়, জেএসসিতে চট্টগ্রাম বোর্ডে এবার পাসের হার ৭৮ দশমিক ৩৫। গতবার ছিল ৭২ দশমিক ৬৬ শতাংশ। এ বছর পাসের হারের দিক দিয়ে ছেলেরা মেয়েদের তুলনায় এগিয়ে। ছাত্রদের পাসের হার ৮১ দশমিক ৪১ ও ছাত্রীদের ৭৫ দশমিক ৯১ শতাংশ। তবে জিপিএ-৫এর হিসেবে ছাত্রীরা এগিয়ে রয়েছে। এক হাজার ৬২৩ জন ছাত্র ও এক হাজার ৯০৮ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। সার্বিকভাবে জিপিএ-৫এর সংখ্যা বেড়েছে এ বছর। গত বছর পেয়েছিল দুই হাজার ১৯১ জন। বোর্ডের অধীনে এ বছর ১৯৩টি কেন্দ্রে এক লাখ ৩৩ হাজার ৪৭২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে এক চার হাজার ৫৭৮জন। সেরা ১০: চট্টগ্রামে বোর্ডে সেরা ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় এবার প্রথম হয়েছে খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়। এরপর রয়েছে যথাক্রমে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়, সিলভার বেলস বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম পাবলিক স্কুল ও কলেজ, ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, কাফকো স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় (বাওয়া) ও চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়।