চট্টগ্রাম বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার পাসের হার ও জিপিএ-৫-এর সংখ্যা গতবারের চেয়ে বেড়েছে। এবার এই বোর্ডে পাসের হার ৭২ দশমিক ৩১ শতাংশ, যা গতবারের চেয়ে দুই দশমিক সাত শতাংশ বেশি। আর জিপিএ-৫ পেয়েছে মোট পাঁচ হাজার ৮০০ জন শিক্ষার্থী। ২০০৯ সালে জিপিএ-৫ পেয়েছিল চার হাজার ৫২৯ জন শিক্ষার্থী। গত ছয় বছরের মধ্যে এই বোর্ডে এবারের ফল সেরা।নতুন নিয়মে চারটি মানদণ্ডে চট্টগ্রাম বোর্ডে সেরা শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে কলেজিয়েট স্কুল। নবম শ্রেণীতে শিক্ষার্থী নিবন্ধনের সংখ্যা, নিয়মিত পরীক্ষার্থীদের শতকরা পাসের হার, মোট পাসের হার ও পরীক্ষার্থীর সংখ্যা—এই চারটি মানদণ্ডের চারটিতে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছে কলেজিয়েট স্কুল। মোট ১০০ নম্বরের মধ্যে এই স্কুল পেয়েছে ৯০। এই স্কুলের ৪৪৫ জন শিক্ষার্থী এএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৩৫৪ জন জিপিএ-৫ পেয়েছে। চট্টগ্রাম বোর্ডে দ্বিতীয় সেরা ফল করেছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। এ শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৩ জনের মধ্যে ৪৩ জনই জিপিএ-৫ পেয়েছে। তৃতীয় হয়েছে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার মোট ৬৮ হাজার ৫০০ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিয়েছিল ৬৮ হাজার ৩৮৬ জন। এর মধ্যে পাস করেছে ৪৯ হাজার ৪৫১ জন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৯ দশমিক ১৫ শতাংশ, মানবিকে ৫৫ দশমিক ৬৬ ও ব্যবসায় শিক্ষায় ৭২ দশমিক শূন্য সাত শতাংশ।