চট্টগ্রাম বোর্ডে মেয়েরা এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যা দুই-ই বেড়েছে। ফলাফলে জিপিএ-৫ ও পাসের হারের দিক থেকে এগিয়ে রয়েছেন মেয়েরা। সেরা দশে টানা চারবার শীর্ষে রয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। গতকাল দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কার্যালয় থেকে এই ফলাফল ঘোষণা করা হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, ‘সার্বিকভাবে ফলাফল সন্তোষজনক। এ বছর জিপিএ-৫-এর সংখ্যা বেড়েছে। মেয়েরাও এগিয়ে যাচ্ছে।’ বোর্ডের ফলাফল পরিসংখ্যানে দেখা যায়, এবার পাসের হার ৭২ দশমিক ২৯ শতাংশ। গতবার ছিল ৭১ দশমিক ৩ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন তিন হাজার ১৪৫ জন। গত বছর এই সংখ্যা ছিল এক হাজার ৮০২ জন। এবার বোর্ডের ১৯১টি কলেজের ৫৪ হাজার ৫৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৫৩ হাজার ৯৬৮ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে পাস করেন সাত হাজার ৮৬৬ জন। মানবিক থেকে ১০ হাজার ১৮৭ জন এবং ব্যবসায় শিক্ষা থেকে ২০ হাজার ৯৫৮ জন। পরীক্ষাসংক্রান্ত বিভিন্ন নিয়মকানুন না মানার কারণে দুজনের ফলাফল স্থগিত রাখা হয়েছে। বোর্ড সূত্রে জানা যায়, এ বছর চট্টগ্রাম মহানগরে পাসের হার ৮১ দশমিক ৬১ শতাংশ। মহানগর বাদে চট্টগ্রাম জেলায় পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ। চট্টগ্রাম মহানগরসহ জেলায় পাসের হার ৭৪ দশমিক ২ শতাংশ। মেয়েরা এগিয়ে: বোর্ডের সার্বিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছরও ছেলেদের তুলনায় মেয়েরা পাসের হার ও জিপিএ-৫-এর দিক দিয়ে এগিয়ে রয়েছেন। এবার মেয়েদের পাসের হার ৭৩ দশমিক ২৮ ও ছেলেদের পাসের হার ৭১ দশমিক ৩৬ শতাংশ। এ বছর বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষায় মিলে এক হাজার ৫৮৭ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছেন। আর ছেলেদের মধ্যে পেয়েছেন এক হাজার ৫৭৮ জন।সেরা দশে চারবার শীর্ষে ফৌজদারহাট ক্যাডেট কলেজ: এ নিয়ে টানা চারবার চট্টগ্রাম বোর্ডে সেরা ১০ কলেজের শীর্ষে রয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। এবার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে চট্টগ্রাম কলেজ ও সরকারি কমার্স কলেজ।ফলাফলে তিন পার্বত্য জেলা এগিয়ে: তিন পার্বত্য জেলার শিক্ষার্থীরা ক্রমেই এগিয়ে যাচ্ছেন। গত বছরের তুলনায় এবারে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় পাসের হার বেড়েছে।শতভাগ পাস: এবার পাঁচটি কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছেন। কলেজগুলো হচ্ছে, ফৌজদারহাট ক্যাডেট কলেজ (৪১ জন), চট্টগ্রাম প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় কলেজ (১২১ জন), চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কলেজ (৬৬ জন), বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ (১০২ জন) এবং কাফকো স্কুল ও কলেজ (২২ জন)।সর্বোচ্চ জিপিএ-৫: এবার হাজী মুহাম্মদ মুহসীন কলেজ থেকে সর্বোচ্চ ৫৬১ জন জিপিএ-৫ পেয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম কলেজ, যার সংখ্যা ৪৪৫ জন।