চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্বে কোষাধ্যক্ষ
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নীতিশ চন্দ্র দেবনাথের মেয়াদ ৪ নভেম্বর শেষ হয়েছে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ চৌধুরী আলাউদ্দিনকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ সোমবার থেকে তিনি উপাচার্য হিসেবে কাজ শুরু করেছেন বলে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে ৪ নভেম্বর পাঠানো এক ফ্যাক্সে বলা হয়, উপাচার্য হিসেবে নীতিশ চন্দ্র দেবনাথের সময়কাল উত্তীর্ণ হওয়ায় পরবর্তী নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্যের দায়িত্ব প্রদান করা হল। উপসচিব হোসনে আরা বেগম এতে স্বাক্ষর করেন। উপাচার্য নীতিশ চন্দ্র দেবনাথের অপসারণের দাবিতে ছাত্রলীগ গত এক বছরেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে আসছে।দুই মাস আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্দোলনকারীদের মধ্যে নয়জন ছাত্রছাত্রীকে আজীবন বহিষ্কারসহ বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়। আন্দোলনের মুখে গত ছয় মাসের চেয়েও বেশি সময় ধরে অচল রয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়।জানা গেছে, দায়িত্ব নেওয়ার পর ভারপ্রাপ্ত উপাচার্য চৌধুরী আলাউদ্দিন আজ প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন। দুপুরে তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি একটি বৈঠকে রয়েছেন বলে জানান।