চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের দুই ঘণ্টার কর্মবিরতি
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাকে মারধর করার প্রতিবাদে আজ মঙ্গলবার দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মবিরতি চলে। বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের ডাকা কর্মসূচির সঙ্গে শিক্ষকেরাও একাত্মতা প্রকাশ করেছেন। ক্যাম্পাস সূত্রে জানা গেছে, গত রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের পোলট্রি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের (পিআরটিসি) পরিচালকের ব্যক্তিগত সহকারী চমক চন্দকে মারধর করেন ছাত্রলীগের কর্মীরা। এ ঘটনার প্রতিবাদে অফিসার্স অ্যাসোসিয়েশন সেদিনই প্রতিদিন দুই ঘণ্টা করে দুই দিনের কর্মবিরতি ঘোষণা করে। গতকাল সোমবার এক জরুরি বৈঠক করে শিক্ষকেরাও আজ দুই ঘণ্টার কর্মবিরতি পালনের কর্মসূচি ঘোষণা করেন। এ সময় তাঁরা ছাত্রলীগের সন্ত্রাস বন্ধে প্রশাসনকে সাত দিনের সময়সীমা বেঁধে দেন।উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার মান কমানো, বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমানের নামে ছাত্রাবাসের নামকরণ বাতিলসহ ২১ দফা দাবিতে গত ১৩ ডিসেম্বর থেকে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় অচল করে রাখেন ছাত্রলীগের কর্মীরা। উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলা হয়। ১৪ ডিসেম্বর সিন্ডিকেটের এক সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়। গত রোববার বিশ্ববিদ্যালয়ে আবার ক্লাস শুরু হয়।