চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ধর্মঘট ভেস্তে গেছে
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ডাকা ধর্মঘট ভেস্তে গেছে। আজ শনিবার বেলা ১১টার দিকে পুলিশের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি প্রশাসনিক ও দুটি একাডেমিক ভবনের তালা ভেঙে কার্যক্রম শুরু করে। উপাচার্য অধ্যাপক নীতিশ চন্দ্র দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় প্রশাসনের সহযোগিতার কারণে ছাত্রদের ধর্মঘট সফল হয়নি। আমরা আন্তর্জাতিক সেমিনার নিয়ে ব্যস্ত আছি। এটি ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ২৬ সেপ্টেম্বর থেকে ক্যাম্পাসে ক্লাস ও পরীক্ষা শুরু হবে।’ ক্যাম্পাস সূত্রে জানা গেছে, নয়জন ছাত্রের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগ গত ২৯ আগস্ট এই ধর্মঘট শুরু করে। পবিত্র ঈদের ছুটির পর আজ বিশ্ববিদ্যালয় খোলে। খোলার প্রথম দিনেই ছাত্রলীগের নেতা-কর্মীরা আবার ক্যাম্পাসের বিভিন্ন ভবনে তালা লাগিয়ে ধর্মঘট পালনের চেষ্টা চালায়। কিন্তু পুলিশ তাদের অবরুদ্ধ করে রাখে। পুলিশ সূত্র জানায়, গতকাল থেকে ক্যাম্পাসে ৬০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। সরকারের ওপর মহলের নির্দেশে পুলিশ কঠোর হতে বাধ্য হয়েছে।এদিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক কমল কান্তি মজুমদার প্রথম আলোকে বলেন, ‘দাবি না মানলে ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় আন্তর্জাতিক সেমিনার আমরা ভণ্ডুল করে দেব।’গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকে ছাত্রলীগ বহিষ্কার হওয়া নেতা-কর্মীদের শাস্তি প্রত্যাহার ও উপাচার্যের পদত্যাগ দাবি করে। বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদের পরিচালককে লাঞ্ছিত করার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ২৮ আগস্ট ছাত্রলীগের আহ্বায়ক কমল কান্তি মজুমদারসহ নয়জন নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও জরিমানা করে। এর প্রতিবাদে ২৯ আগস্ট থেকে ছাত্রলীগ লাগাতার ধর্মঘটের ডাক দেয়।