চট্টগ্রাম মেডিকেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের পিটুনিতে আবিদুর রহমান নামে এক ছাত্রদল কর্মী নিহত হওয়ার ঘটনার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও ছাত্র সংসদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাত পর্যন্ত একাডেমিক কাউন্সিল বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছে। এ প্রসঙ্গে কলেজ অধ্যক্ষ অধ্যাপক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে আমরা কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের সকাল সাড়ে সাতটার মধ্যে ছাত্রাবাস ছাড়ার নির্দেশ দিয়েছি। এ ছাড়া ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্র রাজনীতি বন্ধ এবং ছাত্র সংসদের কার্যক্রম স্থগিত করেছি।’ নির্দেশ পেয়ে শিক্ষার্থীরা সকালে ছাত্রাবাস ছেড়ে চলে গেছেন।জানা যায়, গত বুধবার রাতে আবিদুর রহমানসহ চার ছাত্রকে মারধর করে ছাত্রলীগ। পরে গতকাল রাতে আবিদ চিকিত্সাধীন অবস্থায় মারা যান। আবিদসহ মারধরের শিকার ছাত্রদের নিজেদের কর্মী বলে দাবি করেছেন ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটির সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ। আবিদের মৃত্যু সংবাদে সাধারণ ছাত্রছাত্রীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা গতকাল গভীর রাত পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান নেন। একাডেমিক কাউন্সিলের সামনে দাঁড়িয়ে তাঁরা বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। এ সময় ভেতরে একাডেমিক কাউন্সিলের জরুরি সভা চলছিল। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।