ছাত্র হত্যার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরি-স্থিতির কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি ও ছাত্র সংসদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে কর্তৃপক্ষ একাডেমিক কাউন্সিল বৈঠক করে এই সিদ্ধান্ত নেয়।ক্যাম্পাস সূত্র জানায়, নির্দেশ পেয়ে শিক্ষার্থীরা গতকাল সকালে ছাত্রাবাস ছেড়ে চলে গেছেন।এ প্রসঙ্গে কলেজ অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে আমরা কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের সকাল সাড়ে সাতটার মধ্যে ছাত্রাবাস ত্যাগের জন্য বলেছি। এ ছাড়া ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ এবং ছাত্র সংসদের কার্যক্রম স্থগিত করেছি।’ নিহত আবিদুর রহমান এই কলেজের দন্ত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। ছাত্রদলের মেডিকেল কলেজের মেয়াদোত্তীর্ণ কমিটির সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ ও সহসভাপতি মাহফুজুর রহমান দাবি করেন আবিদ তাদের সংগঠনের কর্মী ছিলেন। ফরহাদ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ছাত্রদলের একটি কমিটি গঠনের জন্য আবিদসহ কয়েকজন ছাত্রকে আমরা দায়িত্ব দিয়েছিলাম। কারণ এখন আমরা ডাক্তার হয়ে গেছি। কমিটি মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। তাই নতুন কমিটি করার দায়িত্ব তাঁদের হাতে দিতে চেয়েছিলাম। এই কারণে তাঁদের মারধর করা হয়।’অভিযোগ আছে, কলেজে ছাত্রদলের কমিটি গঠনের চেষ্টার অভিযোগে আবিদসহ চারজনকে গত বুধবার ছাত্রলীগ কর্মীরা বেধড়ক পেটায়। এই চারজনকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার বিকেলে আবিদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আনা হয়। গত শুক্রবার রাতে আবিদের মৃত্য হয়। অন্য তিনজন পরিবারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন বলে জানা যায়।কলেজ সূত্র জানায়, শুক্রবার রাতে কলেজের একাডেমিক কাউন্সিলের বৈঠক চলাকালে সাধারণ ছাত্রছাত্রীরা একাডেমিক ভবনের সামনে গিয়ে আবিদ হত্যার বিচার চেয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় ছাত্রলীগ নেতাদের ক্যাম্পাসে দেখা যায়নি। রাত একটা পর্যন্ত এই বৈঠক চলে।বৈঠকে ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ে বিভিন্ন একাডেমিক সদস্যরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য দেন। পরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আপাতত ছাত্র সংসদের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।আবিদুর রহমান নিহত হওয়ার ঘটনায় গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি। এই ঘটনায় কাউকে এখনো পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এ প্রসঙ্গে সিএমপির পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার (এসি) আবদুল মান্নান বলেন, ‘পরিবারের সদস্যরা আজ (শনিবার) লাশ নিয়ে চকরিয়ার বাড়িতে গেছেন। আগামীকাল সকালে এসে এজাহার দেবে বলে তাঁরা জানিয়েছেন।’ সমাবেশ: এদিকে আবিদ হত্যার প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে মহানগর বিএনপি ও ছাত্রদল নগরের নসিমন ভবনে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।এতে বক্তারা এই ঘটনার জন্য ছাত্রলীগ নিয়ন্ত্রিত ছাত্রসংসদের সহসভাপতি (ভিপি) মফিজুর রহমান, ছাত্রলীগ চমেক শাখার সভাপতি সোহেল পারভেজ, সাধারণ সম্পাদক বিজয় সরকারসহ কয়েকজনকে দায়ী করেন।সমাবেশে নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ছাত্রলীগের হাতে দেশের হাজার হাজার মেধাবী শিক্ষার্থী জিন্মি হয়ে পড়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। না হলে পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি দেওয়া হবে।সমাবেশে বিএনপি নেতা মোরশেদ খান, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন, সহসভাপতি আবু সুফিয়ান, চমেক ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ইমাম হাসান, সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ প্রমুখ বক্তব্য দেন।এদিকে আবিদুর রহমান হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক ও মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের স্বাক্ষরিত এক যুক্ত বিবৃতিতে বলা হয়েছে, ছাত্রলীগের কর্মীদের হামলায় ছাত্রদল নেতা আবিদুর রহমান নিহত হন। তাঁরা ওই বিবৃতিতে এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।