চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ধর্মঘট অব্যাহত, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসকদের অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। ফলে চরম দুর্ভোগে পড়েছে রোগীরা। গতকাল বুধবার কর্মবিরতির দ্বিতীয় দিনে শিক্ষানবিশ চিকিৎসকেরা ক্যাম্পাসে মানববন্ধন করেছেন।এদিকে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের নেতা আ জ ম নাছির উদ্দিন সমস্যা সমাধানে গতকাল রাত নয়টার দিকে শিক্ষানবিশ চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছিল।অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বৈঠক করলেও কোনো সিদ্ধান্ত ছাড়াই তা শেষ হয়েছে। ফলে অচলাবস্থার অবসান হয়নি। তবে জরুরি সেবা দেওয়ার জন্য ১২ জনের একটি শিক্ষানবিশ চিকিৎসক দল হাসপাতালে কাজ করবে বলে জানিয়েছেন শিক্ষানবিশ চিকিৎসক পরিষদের (আইডিএ) আহ্বায়ক গোলাম কিবরিয়া চৌধুরী।গতকাল দুপুর ১২টা থেকে দুইটা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফসিউর রহমান, শিক্ষানবিশ চিকিৎসক, স্বাচিপ ও বিএমএর নেতা ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে শিক্ষানবিশ চিকিৎসকেরা তাঁদের নিরাপত্তা প্রদানসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। কিন্তু কর্মবিরতি প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত হয়নি। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফসিউর রহমান সাংবাদিকদের বলেন, ‘শিক্ষানবিশ চিকিৎসককে লাঞ্ছিত করার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে যথাযথ কর্তৃপক্ষকে জানানো হবে। একই সঙ্গে চিকিৎসকদের নিরাপত্তাসহ অন্যান্য দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা অনড়।’আইডিএর আহ্বায়ক গোলাম কিবরিয়া চৌধুরী বলেন, ‘আমাদের সঙ্গে হাসপাতালের পরিচালকের দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে। তিনি আমাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। কিন্তু চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আমরা কর্মবিরতি চালিয়ে যাব।’প্রসঙ্গত, গত মঙ্গলবার ইসলামিয়া কলেজের ছাত্রদের হাতে মিজানুর রহমান নামের একজন শিক্ষানবিশ চিকিৎসক লাঞ্ছিত হন বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে আইডিএ অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয়।চিকিৎসকদের নিরাপত্তা বিধান, চিকিৎসক লাঞ্ছিতের ঘটনায় দোষীদের শাস্তিসহ বিভিন্ন দাবিতে গতকাল দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধন করে আইডিএ। এ সময় হাসপাতালের মূল ফটকসহ কয়েকটি ফটক বন্ধ করে দেওয়া হয়। ফলে দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা এ সময় দুর্ভোগে পড়েন। পৌনে এক ঘণ্টা পর হাসপাতালের ফটকগুলো খুলে দেওয়া হয়। সরেজমিনে দেখা যায়, চিকিৎসকস্বল্পতায় হাসপাতালে সেবা ব্যাহত হচ্ছে। প্রসূতি ওয়ার্ডের বাইরে আশিক নামের এক ব্যক্তি বলেন, ‘আমার স্ত্রী ব্যথায় কাতরাচ্ছে। কিন্তু এখনো কোনো চিকিৎসক তাকে দেখেননি।’ সূত্র জানায়, প্রায় ৩০০ শিক্ষানবিশ চিকিৎসক এ হাসপাতালে দায়িত্ব পালন করেন।