চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্র হত্যায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মেডিকেল কলেজের ছাত্রদল কর্মী আবিদুর রহমানকে হত্যার ঘটনায় আজ রোববার পাঁচলাইশ থানায় একটি মামলা হয়েছে। ছাত্রলীগের ২২ নেতা-কর্মীকে আসামি করে আবিদের মামা নিয়ামত উল্লাহ মামলাটি করেন। আসামিদের মধ্যে কলেজের ছাত্র সংসদের সহসভাপতি মফিজুর রহমান ওরফে জুম্মান ও সহসাধারণ সম্পাদক হিমেল চাকমা রয়েছেন। সিএমপির পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার (এসি) আবদুল মান্নান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এ হত্যার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির কারণে গত শুক্রবার গভীর রাতে কলেজ কর্তৃপক্ষ একাডেমিক কাউন্সিল বৈঠক করে কলেজ ও ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি ও ছাত্র সংসদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। নিহত আবিদুর রহমান এই কলেজের দন্ত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। ছাত্রদলের মেডিকেল কলেজের মেয়াদোত্তীর্ণ কমিটির সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ ও সহসভাপতি মাহফুজুর রহমান দাবি করেন আবিদ তাঁদের সংগঠনের কর্মী ছিলেন। ফরহাদ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ছাত্রদলের একটি কমিটি গঠনের জন্য আবিদসহ কয়েকজন ছাত্রকে আমরা দায়িত্ব দিয়েছিলাম। কারণ এখন আমরা চিকিত্সক হয়ে গেছি। কমিটি মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। তাই নতুন কমিটি করার দায়িত্ব তাঁদের হাতে দিতে চেয়েছিলাম। এ কারণে তাঁদের মারধর করা হয়।’অভিযোগ আছে, কলেজে ছাত্রদলের কমিটি গঠনের চেষ্টার অভিযোগে আবিদসহ চারজনকে গত বুধবার ছাত্রলীগ কর্মীরা বেধড়ক পেটায়। এই চারজনকে একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার বিকেলে আবিদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) আনা হয়। গত শুক্রবার রাতে আবিদের মৃত্যু হয়। অন্য তিনজন পরিবারের তত্ত্বাবধানে চিকিত্সাধীন আছেন বলে জানা যায়।