চট্টগ্রাম মেডিকেলে আরও এক রোহিঙ্গার মৃত্যু
বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় আটক এক রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আজ রোববার সকালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন।তাঁর নাম শেখ তৈয়ব (২০)। তিনি মিয়ানমারের মংডু এলাকার মোহাম্মদ জমিরের ছেলে বলে জানিয়েছে পুলিশ।চট্টগ্রাম মেডিকেলের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, কক্সবাজার জেলা পুলিশ ১০ জুন শেখ তৈয়বকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করে। মিয়ানমারে জাতিগত দাঙ্গায় তিনি আহত হন।এর আগে ১২ জুন কালা হোসেন (৫০) নামে আরেক এক রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেলে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।বর্তমানে একই হাসপাতালে আরও দুই রোহিঙ্গা অনুপ্রবেশকারী চিকিত্সা নিচ্ছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। মিয়ানমারের সাম্প্রদায়িক দাঙ্গায় আহত হওয়ার পর টেকনাফ সীমান্ত অনুপ্রবেশের সময় তাঁরা বিজিবির সদস্যদের হাতে আটক হন।