চট্টগ্রাম মেডিকেলে ধর্মঘট চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্তব্যরত শিক্ষানবিশ চিকিৎসকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট চলছেই। এ ঘটনায় অপরাধীদের যতক্ষণ পর্যন্ত শাস্তি না হবে, ততক্ষণ এ ধর্মঘট চলবে বলে শিক্ষানবিশ চিকিৎসকেরা জানান।গতকাল মঙ্গলবার বিকেলে ইসলামিয়া কলেজের ছাত্রদের হাতে মিজানুর রহমান নামের এক শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসক লাঞ্ছিত হন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার প্রতিবাদে গতকাল বিকেলে তাৎক্ষণিকভাবে শিক্ষানবিশ চিকিৎসক ও মেডিকেলের ছাত্ররা বিক্ষোভ করেন।পরে চমেক হাসপাতালে কর্তব্যরত শিক্ষানবিশ চিকিৎসকদের সংগঠন ইন্টার্ন চিকিৎসক পরিষদ (আইডিএ) এক জরুরি সভায় বসে। সভায় লাঞ্ছিতের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত নেন শিক্ষানবিশ চিকিৎসকেরা। চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে প্রায় ৩০০ জন শিক্ষানবিশ চিকিৎসক কর্মরত।আজ বেলা সাড়ে ১১টার দিকে ইন্টার্ন চিকিৎসক পরিষদের ব্যানারে শিক্ষানবিশ চিকিৎসকেরা কলেজ ও হাসপাতালের সামনে মানবন্ধন করেন। এ সময় তাঁরা প্রায় পৌনে এক ঘণ্টা হাসপাতালের প্রধান সব কটি ফটক বন্ধ করে রাখেন। হাসপাতালে প্রবেশ করতে অনেক রোগীকে ঝামেলা পোহাতে হয়। পরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফসিউর রহমান শিক্ষানবিশ চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা জোরদার করা ও লাঞ্ছিতের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও চিকিৎসকেরা তাঁদের দাবির বাস্তবায়ন দেখতে চান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়ে বৈঠক থেকে বেরিয়ে আসেন তাঁরা।এ ব্যাপারে আইডিএর আহ্বায়ক গোলাম কিবরিয়া চৌধুরী বলেন, ‘কর্তব্যরত চিকিৎসকদের নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দাবিগুলো বাস্তবায়ন করতে হবে। তারপর কাজে ফিরে যাব।’