চট্টগ্রাম মেডিকেলের ডেন্টাল ইউনিটের তিন শিক্ষক অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের কিছু ছাত্র আজ বুধবার বিভাগীয় প্রধানসহ তিন শিক্ষককে দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছেন। দ্বিতীয় বর্ষের পরীক্ষায় কম নম্বর দেওয়া হচ্ছে, এমন অভিযোগ এনে বেলা একটার দিকে কয়েকজন ছাত্র এ ঘটনা ঘটান।জানা গেছে, অবরুদ্ধ শিক্ষকেরা হলেন ডেন্টাল ইউনিটের প্রধান অধ্যাপক সৈয়দ মোরশেদ মওলা, প্রভাষক শাহেদুল হক সিদ্দিকী ও কামাল উদ্দিন। প্রায় দেড় ঘণ্টা পর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহাদ নাছিরসহ কয়েকজন নেতা এবং পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত জহিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ ছাত্রদের বুঝিয়ে তিন শিক্ষককে উদ্ধার করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মো. জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, দ্বিতীয় বর্ষের (পুরোনো) কিছু ছাত্রের পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ার আশঙ্কায় তাঁরা শিক্ষকদের একটি কক্ষে তালা মেরে অবরুদ্ধ করে রাখেন। পরে লোক পাঠিয়ে তাঁদের উদ্ধার করা হয়। শিক্ষকদের অবরুদ্ধকারীদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, পরীক্ষার ফলাফল ছাড়াও ডেন্টাল ইউনিটের নানা অনিয়মের প্রতিবাদে তাঁদের অবরুদ্ধ করা হয়েছিল।