চট্টগ্রাম মেডিকেলের ধর্মঘট প্রত্যাহার
চিকিত্সককে লাঞ্ছিত করার প্রতিবাদে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্তব্যরত শিক্ষানবিশ চিকিত্সকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট আজ বৃহস্পতিবার প্রত্যাহার করা হয়েছে।অপরাধীরা ক্ষমা চাওয়ায় ও হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চমেক হাসপাতালে কর্তব্যরত শিক্ষানবিশ চিকিত্সকদের সংগঠন ইন্টার্ন চিকিত্সক পরিষদের (আইডিএ) আহ্বায়ক গোলাম কিবরিয়া চৌধুরী প্রথম আলো ডটকমকে জানিয়েছেন।গোলাম কিবরিয়া চৌধুরী বলেন, ‘গতকাল বুধবার রাতে স্থানীয় আওয়ামী লীগের নেতা আ জ ম নাসির উদ্দিনের বাসায় উভয় পক্ষের মধ্যে সমঝোতা বৈঠক হয়। ওই বৈঠকে হামলাকারীরা ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে। আজ বৃহস্পতিবার চমেক মেডিকেলে এসেও ক্ষমা চাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা। এর পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ চিকিত্সকদের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে। এ কারণে আমরা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে আজ দুপুর ১২টা থেকে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’গত মঙ্গলবার বিকেলে ইসলামিয়া কলেজের ছাত্রদের হাতে মিজানুর রহমান নামের চমেক হাসপাতালের এক শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিত্সক লাঞ্ছিত হন। এ ঘটনার পর লাঞ্ছিতের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত নেন চমেকের শিক্ষানবিশ চিকিত্সকেরা। চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে প্রায় ৩০০ জন শিক্ষানবিশ চিকিত্সক কর্মরত।