চট্টগ্রাম মেডিকেলের শিক্ষার্থীদের আবার সড়ক অবরোধ
চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্ররা গতকাল রোববার সকালে আবার কলেজের সামনের সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। প্রায় দুই ঘণ্টা তাঁরা সড়ক অবরোধ করে রাখেন। গত শনিবার রাতে রোগনির্ণয় কেন্দ্র শেভরনের ঘটনাকে কেন্দ্র করে গতকাল সকালে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।মেডিকেল কলেজের কয়েকজন ছাত্র গত শনিবার রাতে রিপোর্ট গ্রহণের জন্য লাইনে না দাঁড়ানোয় শেভরনের কয়েকজন কর্মচারীর সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে কর্মচারীরা দুই ছাত্রকে বেঁধে মারধর করেন। এ খবর জানাজানি হলে মেডিকেল কলেজ ছাত্রাবাস থেকে ছাত্ররা গিয়ে শেভরনে ব্যাপক তাণ্ডব চালান। পরে ছাত্ররা কলেজের সামনের সড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখেন। শেভরনের তিন কর্মীকে আটকের পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এ ঘটনায় শনিবার রাতেই নগরের পাঁচলাইশ থানায় চট্টগ্রাম মেডিকেলের শিক্ষার্থী মাহিদুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন। এতে শেভরনের চার কর্মীকে আসামি করা হয়। তাঁরা হলেন সুমন, মো. হোসেন, সুমন ও ছোটন বড়ুয়া। এঁদের মধ্যে প্রথম তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবজ্যোতি খীসা প্রথম আলোকে বলেন, ‘রাতের ঘটনার পর সকালে ছাত্ররা আবার সড়ক অবরোধ করেন। পরে আমরা ছাত্র, শিক্ষক ও শেভরন কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠক করি। শেভরন কর্তৃপক্ষ ছাত্র লাঞ্ছিত হওয়ার ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে তাঁদের জন্য হেল্পডেস্ক খোলার ঘোষণা দিয়েছে।’ জানা গেছে, শনিবার রাত একটা পর্যন্ত সড়ক অবরোধের পর রোববার সকাল ১০টায় ছাত্ররা আবার সড়ক অবরোধ করেন। এ সময় হাসপাতাল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে হাসপাতালগামী রোগীদের দুর্ভোগে পড়তে হয়। দীর্ঘ পথ হেঁটে কিংবা কোলে করে রোগীদের হাসপাতালে আনতে দেখা গেছে। এ সময় কয়েকজন ইন্টার্ন চিকিৎসককেও হাসপাতালে ঢুকতে বাধা দেওয়া হয়। পরে বেলা ১১টার দিকে কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, ছাত্র সংসদ প্রতিনিধি, পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম, শেভরনের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মর্তুজা, আওয়ামী লীগের নেতা আ জ ম নাছিরউদ্দিন কলেজে সমঝোতা বৈঠকে বসেন। বৈঠক শেষে দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘মারধর করার কারণে সাধারণ ছাত্ররা খেপে গেছেন। ফলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা বৈঠকে একটা গ্রহণযোগ্য সমাধানে পৌঁছেছি। শেভরন কর্তৃপক্ষ এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। এখন সবকিছু স্বাভাবিক।’শেভরন কর্তৃপক্ষ শনিবারের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, ‘কলেজের কয়েকজন ছাত্রের সঙ্গে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা গভীর দুঃখ প্রকাশ করছি। এ সময় আমাদের পার্কিং এলাকায় থাকা কোনো গাড়ি ভাঙচুর হয়নি। ঘটনার সঙ্গে সম্পৃক্ত কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশে সোপর্দ করা হয়েছে।’