চট্টগ্রাম রেল কলোনি২৫ হাজার অবৈধ ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের টাইগারপাস কলোনির ই/৫০-এ নম্বরের বাসা বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে প্রকৌশল বিভাগের কর্মচারী জাকির হোসেনের নামে বরাদ্দ। বাসার কড়া নাড়লে বেরিয়ে আসেন মনজুর আলম নামের এক ব্যক্তি। নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়ে তিনি বলেন, তিন হাজার টাকা ভাড়ায় তিনি সপরিবারে এ ঘরে থাকেন।সরেজমিনে দেখা গেছে, জাকিরের নামে বরাদ্দ বাসার চারপাশে খোলামেলা জায়গা। বাসার সঙ্গে টিনশেড দিয়ে তিনি পাঁচটি ঘর তুলে ভাড়া দিয়েছেন। রাশেদ নামের একজন শিক্ষকের তত্ত্বাবধানে দুটি ঘরে নিয়মিত কোচিং চলে। অন্য তিনটি ঘরেও বাইরের মানুষ সপরিবারে ভাড়ায় থাকেন। ঘরভাড়া থেকে জাকিরের মাসিক আয় প্রায় ১৫ হাজার টাকা।মুঠোফোনে যোগাযোগ করা হলে জাকির বাসায় যাওয়ার কারণ জানতে চান। নিয়ম ভেঙে রেলের বাসা অন্য লোককে ভাড়া দেওয়ার বিষয়ে জানতে চাইলে জাকির কোনো উত্তর না দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।একই চিত্র পাহাড়তলীতে রেলের পাঞ্জাবি কলোনিতে। এ কলোনির ১৯৩-এল বাসার সঙ্গে লাগিয়ে পাকা দেয়াল তুলে তিনটি ঘর তুলে ভাড়া দেওয়া হয়েছে। বাসার বরাদ্দপ্রাপ্ত রাউফুল হোসেন রেলের সংকেত বিভাগের ফিটার পদে চাকরি করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘টিনের ঘর তুললে ভাড়া কম পাওয়া যায়। এ জন্য দুই লাখ টাকা খরচ করে পাকা ঘর করেছি।’ এ তিন ঘর থেকে তিনি সাত-আট হাজার টাকা ভাড়া পান।রাউফুল বলেন, ‘আমরা কম বেতনের চাকরি করি, যারা বেশি বেতনের কর্মকর্তা, তাঁরাও ঘর তুলে ভাড়া দেন। তাঁদেরটা তো লিখবেন না।’রেলের হিসাবে দেখা গেছে, কদমতলী থেকে পাহাড়তলী হয়ে ঝাউতলা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় রেলের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিভিন্ন ক্যাটাগরির বাসার সংখ্যা মোট পাঁচ হাজার ৩২৯ ইউনিট। এর মধ্যে বহুতল ভবন ও গেজেটেড কর্মকর্তাদের বাংলোঘরের সংখ্যা ৭৮০টি। কর্মকর্তা-কর্মচারীদের বাকি প্রায় সাড়ে চার হাজার বাসা একতলা। এসব বাসাবাড়ির সঙ্গে লাগিয়ে আরও ২৫-৩০ হাজার ঘর তোলা হয়েছে। এসব ঘরে বাস করেন এক থেকে দেড় লাখ লোক। এদের জন্য পানি, বিদ্যুৎ, গ্যাস সরবরাহ করা হচ্ছে রেলের আগের সংযোগ থেকে। ফলে কলোনিতে বসবাসকারীরা গ্যাস, পানি ও বিদ্যুতের সংকটে আছেন।বাসাবাড়ির বরাদ্দ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত রেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তরুণ কান্তি বালা প্রথম আলোকে বলেন, ‘এসব বাসার ৯৫ শতাংশ বিদ্যুৎ সংযোগই অবৈধ। একবার বিচ্ছিন্ন করলে রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে আবার তাঁরা সংযোগ নিচ্ছেন।’তরুণ কান্তি বলেন, বরাদ্দ পাওয়া ব্যক্তিরা নিজেদের বাসার সঙ্গে সর্বনিম্ন দুটি থেকে সর্বোচ্চ ১০টি পর্যন্ত ঘর তুলেছেন। ফলে রেল কলোনিগুলো রীতিমতো বস্তিতে পরিণত হয়েছে।রেলের বিভাগীয় প্রকৌশলী (বিদ্যুৎ) মো. শফিকুর রহমান বলেন, ‘অভিযান শুরুর আগে টের পেয়ে অসংখ্য অবৈধ বিদ্যুৎ সংযোগ খুলে নেওয়া হয়। তবু আমরা মাসে গড়ে ৬০-৭০টি সংযোগ বিচ্ছিন্ন করছি।’অনুসন্ধানে জানা গেছে, প্রচুর বাইরের লোক বাস করায় রেলের কলোনিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। প্রায়শই চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কিছু কিছু কলোনি এলাকা গাঁজা, ফেনসিডিলসহ মাদকের আস্তানায় পরিণত হয়েছে। গত সপ্তাহে রেলের মহাব্যবস্থাপকসহ ছয় শীর্ষ কর্মকর্তার বাসায় ডাকাতি হয়। ওই ঘটনার সঙ্গে রেল কলোনির বাইরের বাসিন্দারা জড়িত থাকতে পারে বলে পুলিশের সন্দেহ।রেলের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা মো. সিদ্দিক বলেন, ‘চট্টগ্রাম নগরের এক-তৃতীয়াংশ জায়গার মালিক রেলওয়ে। এ বিস্তীর্ণ জায়গায় কে কখন অবৈধ ঘর তুলছে, তার হিসাব রাখা কঠিন। তার পরও আমরা উচ্ছেদ অভিযান চালাই। কিন্তু পরে আবার সেই জায়গায় অবৈধ ঘর উঠে যায়।’