চট্টগ্রাম রেলস্টেশনে সাড়ে তিন ঘণ্টায় টিকিট বিক্রি শেষ
চট্টগ্রাম রেলস্টেশন। গতকাল রোববার ভোর চারটা। ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর গোধূলি যাত্রী নিয়ে সবে চট্টগ্রাম স্টেশনে প্রবেশ করেছে। কুমিল্লায় ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় গোধূলি চট্টগ্রামের গন্তব্যে পৌঁছাতে দেরি হয়। গোধূলি থেকে নেমে ক্লান্ত যাত্রীরা বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় খুলে দেওয়া হয় চট্টগ্রাম স্টেশনের বন্ধ ফটকগুলো। তখনই স্টেশনে ঢুকে পড়েন বাইরের অপেক্ষমাণ হাজার হাজার টিকিটপ্রত্যাশী। ঈদ উপলক্ষে ১৪ আগস্টের টিকিটের জন্য সারারাত বাইরে অপেক্ষা করছিলেন তাঁরা। গতকাল সকালেই ১৪ আগস্টের ঢাকা, সিলেট ও চাঁদপুরগামী ট্রেনের টিকিট ছাড়া হয় চট্টগ্রাম স্টেশনে। কালোবাজারি ঠেকাতে এবার যাত্রীরা নাম-ঠিকানাসহ ব্যক্তিগত ১১ তথ্যের ছক পূরণ করে টিকিট পান কাউন্টার থেকে। ১৪ আগস্ট চট্টগ্রাম থেকে ঢাকা যাবেন বেসরকারি চাকরিজীবী আবুল হোসেন। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুরবস্থার কারণে বাসযাত্রীদের দুই থেকে তিনগুণ বেশি সময় লেগে যায়। তাই সুবর্ণ এক্সপ্রেসের টিকিট কিনতে এসেছি। ভোরে লাইনে দাঁড়িয়ে পেয়ে গেছি দুটি টিকিট। আবুল হোসেনের মতো স্টেশনে আসা ভাগ্যবান যাত্রীর সংখ্যা কেবল তিন হাজার ৪৭৬ জন, গতকাল যাঁরা ১৪ আগস্ট গন্তব্যে যাওয়ার টিকিট পেয়েছেন। সাড়ে তিন ঘণ্টায় টিকিট বিক্রি শেষ হয়েছে। ১৪ আগস্ট দাপ্তরিক কাজ সেরে এক সপ্তাহের জন্য সিলেটে যাবেন সাইফুল আলম। আন্তনগর পাহাড়িকার তিনটি টিকিটের জন্য ভোরে স্টেশনে হাজির হন তিনি। কিন্তু দীর্ঘ লাইনের মাঝামাঝি দাঁড়ানো অবস্থায় ঘোষণা এল টিকিট শেষ। সাইফুল আলম বলেন, ‘একটা টিকিটের জন্য পাঁচজন লাইনে দাঁড়ালে সবাই তো টিকিট পাবে না। টিকিট পাওয়াটা লটারির মতো হয়ে গেছে। কেউ কেউ পাবেন, তবে অনেকে পাবেন না। এটাই মেনে নিতে হবে।’ রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, টিকিটপ্রত্যাশীদের ৫০ শতাংশ চাহিদাও পূরণ সম্ভব নয়। কারণ, ট্রেনের আসনের সংখ্যা যা আছে তার চেয়ে আরও অনেক বেশি টিকিটের জন্য আসেন। নানা কারণে যাত্রীদের চাপ বেড়ে যাচ্ছে। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, ‘সারা বছর আমরা চাপে থাকি। ঈদ এলেই যাত্রীদের চাপ আরও বেশি বেড়ে যায়। কিন্তু চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার আসনসংখ্যা প্রায় পাঁচ হাজার ৩০০। আমরা কেবল তিন হাজার ৪৭৬টি আসনের টিকিট বিক্রি করেছি। বাকি টিকিটের মধ্যে মুঠোফোন ও ই-টিকিটিংয়ের মাধ্যমে যাত্রীরা ২৫ শতাংশ কিনে নেবেন। আর রেলের কর্মী এবং সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা ও ভিআইপিদের জন্য বরাদ্দ প্রায় ৯ শতাংশ টিকিট।