চট্টগ্রাম রেলস্টেশনে সিসি ক্যামেরা, দালালদের গা-ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম রেলস্টেশনে ক্লোজড্ সার্কিট (সিসি) ক্যামেরা বসানোর কারণে টিকিট বিক্রির সময় দালালদের উৎপাত প্রায় বন্ধ হয়ে গেছে। এতে কাউন্টারগুলোতে সহজেই টিকিট পাওয়া যাচ্ছে। ফলে যাত্রীদের ভোগান্তি অনেক কমে গেছে। স্টেশনে খোঁজ নিয়ে জানা গেছে, রেলওয়ের একাধিক পরিদর্শন দল (ভিজিলেন্স টিম) টিকিট বিক্রিতে তদারকি কড়াকড়ি করেছে। এ কারণে যাত্রীরা সুফল পাচ্ছে। এখন যাত্রার এক দিন আগেও কাউন্টারে টিকিট মিলছে। রেলওয়ে সূত্র জানায়, ছয় দিন আগে সিসি ক্যামেরা ও পরিদর্শন দল দিয়ে টিকিট বিক্রির ওপর নজরদারি শুরু হয়। এ কারণে কাউন্টারগুলোর সামনে একই চেহারার মানুষকে বারবার দেখা যাচ্ছে না। দালালেরা এত দিন বারবার কাউন্টারে গিয়ে কিংবা মুঠোফোনের মাধ্যমে টিকিট কিনে চড়া দামে তা যাত্রীদের কাছে বিক্রি করে আসছিল। এমনকি একই মুঠোফোন দিয়ে সপ্তাহের সাত দিনই টিকিট কাটার প্রমাণ পেয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।রেলওয়ে সূত্র জানায়, আগে দালালেরা মুঠোফোন দিয়ে বেশির ভাগ টিকিট কেটে যাত্রীদের কাছে চড়া দামে বিক্রি করে দিত। সম্প্রতি রেল কর্তৃপক্ষের অনুরোধে প্রায় সাড়ে ছয় হাজার মুঠোফোনের সিম বন্ধ করে দেয় সংশ্লিষ্ট দুটি কোম্পানি। এতে মুঠোফোনে এখন টিকিট কেটে নেওয়ার প্রবণতা অনেক কমে গেছে। ফলে কাউন্টারে টিকিটের সরবরাহ বেড়েছে।ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেসের যাত্রী আরিফুর রহমান গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘আমি কাল (আজ সোমবার) ঢাকা যাচ্ছি। স্টেশনে এসেই যাত্রার এক দিন আগে কাউন্টারে টিকিট পেয়েছি। দালালদের উৎপাত কমে যাওয়ার কারণে যাত্রীরা টিকিট পাচ্ছে বলে শুনেছি।’ যাত্রীরা জানায়, স্টেশন-সংলগ্ন রিয়াজউদ্দিন বাজারে কালোবাজারিদের ‘ঘাঁটি’। পুলিশের সঙ্গে দালালদের যোগসাজশ রয়েছে। পাঁচ-ছয় দিন ধরে দালালদের ‘সময় খারাপ’ যাচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ স্টেশনে নজরদারি অব্যাহত রাখলে এবং র‌্যাব-পুলিশ দালালদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালালে যাত্রীদের ভোগান্তি অনেক কমে যাবে। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা রোকনুজ্জামান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘নজরদারি অব্যাহত রাখা সম্ভব হলে দালালদের উৎপাত বন্ধ হয়ে যাবে। যাত্রীদের স্বার্থে আমরাও চাই নজরদারি কড়াকড়ি রাখতে।’