চট্টগ্রাম শাহ আমানতে বিমান ওঠানামা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বিকেলে বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে প্রথম আলো ডটকমকে এ কথা জানানো হয়।নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, ‘অতিরিক্ত বর্ষণের কারণে বিমানবন্দরের রানওয়েতে পানি জমে গেছে। এ ছাড়া রানওয়ের বাতিগুলো থেকে পর্যন্ত আলো পাওয়া যাচ্ছে না। এ পরিস্থিতিতে বিকেল সাড়ে চারটা থেকে বিমান উড্ডয়ন ও অবতরণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।’এদিকে চট্টগ্রাম মহানগরে আজ সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। টানা ছয় ঘণ্টায় ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা রেকর্ড বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টিতে নগরের বেশির ভাগ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এর আগে এত বৃষ্টি হয়নি। সকাল থেকে ভারী বর্ষণে বহদ্দারহাট, চকবাজার, বাকুলিয়া, মুরাদপুর, নাসিরাবাদ, আগ্রাবাদ ও হালিশহরে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্কুল ও বাসা-বাড়িতে পানি ঢুকে পড়ায় দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী।