চট্টগ্রাম শিক্ষা বোর্ডে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ ৫
এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার গতবারের চেয়ে কমেছে। তবে বেড়েছে জিপিএ ৫-এর সংখ্যা। এবার পাসের হার ৭২ দশমিক ৬২ শতাংশ, যা গতবারের চেয়ে ৩ দশমিক ৬৬ শতাংশ কম। জিপিএ ৫ পেয়েছেন এক হাজার ৬১৮ জন। ২০০৯ সালে জিপিএ ৫ পেয়েছিলেন এক হাজার ৪৫৫ জন শিক্ষার্থী।বোর্ড সূত্রে জানা গেছে, এবার ৪৩ হাজার ৩০৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৩১ হাজার ২২৪ জন। তবে এর মধ্যে উপস্থিত পরীক্ষার্থী ছিলেন ৪২ হাজার ৯৭৬ জন। বহিষ্কার হয়েছেন ২৯ জন।পাসের হার বিশ্লেষণ: পাসের হার বেশি ব্যবসায় শিক্ষা বিভাগে, যা ৭৯ দশমিক ২৪ শতাংশ। সবচেয়ে কম মানবিক বিভাগে, যা ৬১ দশমিক ৮৫ শতাংশ। বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৩ দশমিক ১৬ শতাংশ।বিজ্ঞান বিভাগ থেকে এবার আট হাজার ৬৯০ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ছয় হাজার ৩৭৯ জন। এই বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছেন এক হাজার ১৯৩ জন। মানবিক বিভাগে ১৩ হাজার ৩৫৫ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন আট হাজার ২৬০ জন। জিপিএ ৫ পেয়েছেন ৪৫ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ২০ হাজার ৯৩১ শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৬ হাজার ৫৮৫ জন। এর মধ্যে ৩৮০ জন পেয়েছেন জিপিএ ৫।শহর-গ্রামের তফাত্ বেড়েছে: বরাবরের মতো এবারও চট্টগ্রামের শহর এলাকার চেয়ে গ্রামের কলেজগুলোর পাসের হার কম। শহর এলাকার কলেজে পাসের হার ৮২ দশমিক ৮২। গ্রামের কলেজগুলোর উত্তীর্ণ শিক্ষার্থীদের সংখ্যা কমে যাওয়ায় তার প্রভাব পুরো ফলাফলে পড়েছে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত। তিনি বলেন, ‘গতবারের চেয়ে সামগ্রিক ফলাফলের হার কমেছে। অথচ শহর এলাকার প্রতিষ্ঠানগুলোতে পাসের হার গত বছরের চেয়ে বেড়েছে।’বোর্ড সূত্র জানায়, চট্টগ্রাম মহানগরে পাসের হার ৮২ দশমিক ৮২ শতাংশ, মহানগর বাদে চট্টগ্রাম জেলায় ৬৪ দশমিক ৯৪ শতাংশ। জেলাভিত্তিক পাসের হারে এগিয়ে আছে চট্টগ্রাম। এ জেলায় পাসের হার ৭৪ দশমিক ৩৬ শতাংশ। কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় পাসের হার যথাক্রমে ৭২ দশমিক ৭৪ শতাংশ, ৬১ দশমিক ৬৮ শতাংশ, ৬০ দশমিক ২০ শতাংশ ও ৫৩ দশমিক ৭৬ শতাংশ।জিপিএ ৫-এ সেরা ১০: জিপিএ ৫-এর সংখ্যা বিবেচনায় সেরা ১০টি কলেজের তালিকা করেছে শিক্ষা বোর্ড। এ তালিকায় ৩৫১ জন জিপিএ ৫ নিয়ে প্রথম হয়েছেন হাজী মুহম্মদ মুহসীন কলেজ। গতবার তারা ছিল দ্বিতীয়। গতবার প্রথম স্থানে থাকা চট্টগ্রাম সরকারি কলেজ এবার জিপিএ ৫-এর দিক থেকে হয়েছে দ্বিতীয়। তাদের জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৩০৯ জন। ১৬২ জন জিপিএ-৫ নিয়ে তৃতীয় স্থানে সরকারি সিটি কলেজ। তালিকার অন্যান্য কলেজগুলো হলো সরকারি কমার্স কলেজ (১৪৫), চিটাগাং পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (১৪৩), সরকারি গার্লস কলেজ (৯৮), ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ (৯৪), নৌবাহিনী কলেজ (৫৯), ফৌজদারহাট ক্যাডেট কলেজ (৪৭) ও কক্সবাজার সরকারি কলেজ (৩৩)।এবারও এগিয়ে মেয়েরা: এবারের ফলাফলেও ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। যদিও গতবারের চেয়ে এবার উভয়েরই পাসের হার কমেছে। এবার সব বিভাগ মিলিয়ে মেয়েদের পাসের হার ৭৩ দশমিক ১৬ শতাংশ। আর ছেলেদের হার ৭২ দশমিক ১৯ শতাংশ। গতবার মেয়েদের হার ছিল ৭৭ দশমিক ৫৪ এবং ছেলেদের হার ৭৫ দশমিক ১৮ শতাংশ।ব্যবসায় শিক্ষাই এগিয়ে: সামগ্রিক ফলাফলে তিন বিভাগের মধ্যে তুলনামূলকভাবে ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার সবচেয়ে বেশি। এ হার হচ্ছে ৭৯ দশমিক ২৪ শতাংশ। বিজ্ঞানে পাসের হার ৭৩ দশমিক ৪১ এবং মানবিক বিভাগে পাস ৬১ দশমিক ৮৫ শতাংশ। গতবারের ফলাফলের চেয়ে এবার ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে শিক্ষার্থী পাসের হার কমেছে। তবে বিজ্ঞানে বেড়েছে। গত বছর বিজ্ঞান বিভাগে পাসের হার ছিল ৬৫ দশমিক ৬৩ শতাংশ।শতভাগ পাস ধর্মে, বেশি ফেল বিজ্ঞানে: আরবি ও সংস্কৃতি বিষয়ে পাসের হার শতভাগ। এর বাইরে সবচেয়ে বেশি পাস করেছে ইংরেজি প্রথম পত্রে, যার হার ৯৪ শতাংশ। ইংরেজি দ্বিতীয় পত্রে পাসের হার ৭০ শতাংশ। আর সবচেয়ে কম পাস করেছে সাধারণ বিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টি বিজ্ঞানে। এর হার ৬০ শতাংশ।শতভাগ পাস: শতভাগ পাস করেছে মোট সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো ফৌজদারহাট ক্যাডেট কলেজ (পরীক্ষার্থী ৫০), বান্দরবান ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (পরীক্ষার্থী ৪৬), ইয়াকুব আলী স্কুল অ্যান্ড কলেজ (পরীক্ষার্থী ৪৫), দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া কলেজ (পরীক্ষার্থী ২৪), কক্সবাজার কমার্স কলেজ (পরীক্ষার্থী ১৮), কাফকো স্কুল অ্যান্ড কলেজ (পরীক্ষার্থী ১৫) ও রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ (পরীক্ষার্থী ১)।