চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে গণতন্ত্রই জিতেছে: দীপু মনি
পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে। এ নির্বাচন প্রমাণ করেছে যে গণতান্ত্রিক সরকার থাকলে নির্বাচন কমিশনের মাধ্যমেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। আজ শনিবার জাতীয় সংসদে ২০১০-১১ অর্থবছরের ওপর আলোচনাকালে তিনি এ কথা বলেন।চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণার সময় বিএনপির অসহিষ্ণু আচরণ ও ভাঙচুরের সমালোচনা করে দীপু মনি বলেন, এটি গণতন্ত্রের ভাষা নয়। এভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। মন্ত্রী বলেন, ‘নির্বাচনে কে জিতল, সেটি বড় নয়, গুরুত্বপূর্ণ হলো নির্বাচনটি অবাধ হলো কি না? বর্তমান সরকার সেটি সফলভাবে সম্পন্ন করেছে।’প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে দীপু মনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যেই সমুদ্রসীমায় বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সমুদ্রসীমা নিয়ে ভারত ও মিয়ানমারের সঙ্গে যে সমস্যার সৃষ্টি হয়েছে, তা নিরসনে কাজ চলছে। শিগগিরই সমুদ্রসীমায় আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। এর পরই আমরা গভীর সমুদ্রের সম্পদ কাজে লাগাতে পারব।’বাজেট অধিবেশনের সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুল হকের সভাপতিত্বে বাজেট আলোচনায় আরও অংশ নেন আওয়ামী লীগের আবদুর রহমান, মোস্তাক আহমেদ, জাকির হোসেন, শাহীন মনোয়ারা হক, মীর শওকত আলী, তহুরা আলী ও জাতীয় পার্টির এইচ এম গোলাম রেজা।বাজেট আলোচনা শেষে সংসদের বৈঠক কাল রোববার বিকেল চারটা পর্যন্ত মুলতবি করা হয়েছে।