চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনে বাধা নেই: সাখাওয়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বলেছেন, আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনে আইনি বাধা নেই। স্থানীয় সরকার আইনে সেনা মোতায়েনের কথা বলা আছে। আজ মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।কমিশনার সাখাওয়াত বলেন, সিসিসি নির্বাচনে প্রার্থীরা বেসরকারি টিভি চ্যানেলে প্রচারণা চালাতে পারবেন। তবে প্রচারণার জন্য খরচের হিসাব প্রার্থী ও টিভি চ্যানেল নির্বাচন কমিশনকে (ইসি) জানাতে বাধ্য থাকবে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এজেন্ট নিয়োগের ক্ষেত্রে এলাকার ভোটারকেই এজেন্ট নিয়োগ দিতে হবে। এক এলাকার ভোটার অন্য এলাকায় এজেন্ট হতে পারবেন না। প্রচারণায় সিটি করপোরেশনের কোনো জনবল, গাড়ি ও টেলিফোন ব্যবহার করা যাবে না। তিনি বলেন, নির্বাচনী এলাকায় কোনো প্রার্থী সভা-সমাবেশ করতে পারবেন না, পথসভা করতে পারবেন। তবে তা জনদুর্ভোগ সৃষ্টি করে নয়।সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাখাওয়াত হোসেন তফসিল ঘোষণার আগে নির্বাচনী এলাকায় যেসব প্রার্থীর পোস্টার লাগানো আছে, তা নিজ উদ্যোগে উঠিয়ে ফেলার অনুরোধ করেন। তফসিল ঘোষণার পর যদি কোনো প্রার্থীর পোস্টার পাওয়া যায়, তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। কমিশনার বলেন, মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা প্রতি ওয়ার্ডে একটি করে অফিস খুলতে পারবেন।