চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল আজ মঙ্গলবার বেলা একটায় ঘোষণা করা হচ্ছে। এই নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সীমিত আকারে সেনাবাহিনী মোতায়েন করা হবে। গতকাল সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে সিটি করপোরেশন নির্বাচনে আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা সাংবাদিকদের এসব কথা জানান। সূত্র জানায়, গতকালের বৈঠকে আগামী ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আজকের বৈঠকে। নির্বাচন কমিশনের সঙ্গে গতকালের বৈঠকে পুলিশের মহাপরিদর্শক, সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) এবং র‌্যাব ও বিডিআরের মহাপরিচালক অংশ নেন। বৈঠক শেষে সিইসি বলেন, ‘আমরা কাল (আজ মঙ্গলবার) বেলা একটায় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছি। এই নির্বাচনে সীমিত আকারে সেনাবাহিনী মোতায়েন করা হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ভোট গ্রহণের তিন দিন আগে থেকে পাঁচ দিনের জন্য এক ব্যাটালিয়ন সেনাসদস্য মোতায়েন করা হবে।’সূত্র জানায়, নির্বাচনে চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হতে পারে। এ প্রসঙ্গে সিইসি জানান, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে শামসুল হুদা বলেন, ‘নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার জন্য চট্টগ্রামের চলমান অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে। ভোটারদের যাতায়াতের পথে আগে থেকেই চেকপোস্ট বা বিশেষ চৌকি বসানো হবে।’জানা গেছে, কমিশন নির্বাচনে সহিংসতা এড়ানোর জন্য প্রচারণার সময় ১৫ দিনের বেশি না রাখার চিন্তাভাবনা করছে। এ বিষয়ে তফসিল ঘোষণার পরপরই পরিপত্র জারি করা হতে পারে। কমিশন মনে করে, রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কর্মস্থল চট্টগ্রামের বাইরে হলে তাঁরা প্রভাবমুক্ত থেকে নির্বাচনী দায়িত্ব পালন করতে পারবেন। তাই নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব জেসমিন টুলিকে এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। এ ধরনের নির্বাচনে তিনিই হচ্ছেন প্রথম নারী রিটার্নিং কর্মকর্তা। এ ছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে যে সাতজনকে নিয়োগ দেওয়া হচ্ছে, তাঁদের পাঁচজনের কর্মস্থলই চট্টগ্রামের বাইরে।