চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী দাবি করেছেন, এই মুহূর্তে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে সিটি করপোরেশনের পাওনার পরিমাণ প্রায় ৩৫০ কোটি টাকা।চট্টগ্রাম নগরের চশমাহিলের নিজ বাসভবনে গতকাল রোববার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মহিউদ্দিন চৌধুরী এ দাবি করেন। তিনি বলেন, সিটি করপোরেশনকে তিনি সচ্ছল করে এসেছেন। ২০০ কোটি টাকা দেনার বিপরীতে ৩৫০ কোটি টাকা পাওনার কথা গোপন রেখে নগরবাসীর প্রতিষ্ঠান সিটি করপোরেশনকে নিয়ে নোংরা খেলায় মেতেছে একটি চক্র।সংবাদ সম্মেলনে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘১৯৯৪ সালে আমি দায়িত্ব নেওয়ার আগে ব্যাংকঋণের টাকা দিয়ে সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন দেওয়া হতো। এখন ওই অবস্থার পরিবর্তন হয়েছে। গত দুই মাসে সিটি করপোরেশন ৫০ কোটি টাকা বকেয়া পরিশোধ করেছে। আয় আছে বলে ব্যয় করা হচ্ছে। আমি কয়েক হাজার কোটি টাকার সম্পদ রেখে এসেছি। তিনি বলেন, ২০০ কোটি টাকা দেনার কথা প্রচার করে ওই মহল কী উদ্দেশ্য বাস্তবায়ন করতে চায়, এ প্রশ্ন আজ সবার। আর যে দেনার কথা বলা হচ্ছে, তা পরিশোধ করতে ছয় মাসের বেশি লাগার কথা নয়। দেনা-পাওনা সামঞ্জস্য করে আমি ১৭ বছর ধরে সিটি করপোরেশন চালিয়েছি। আমি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাতৃসদন, শপিং সেন্টার, থিয়েটার ইনস্টিটিউট, বর্জ্য ব্যবস্থাপনা, নগর চিকিৎসাকেন্দ্র, আবাসন প্রকল্প ইত্যাদি করেছি। এসব সম্পদ আমি ব্যক্তিস্বার্থে নিজ গৃহে নিয়ে আসিনি।’প্রসঙ্গত, সম্প্রতি চট্টগ্রাম সিটি করপোরেশনের দেনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়। এতে বলা হয়, ২০০ কোটি টাকার দেনা নিয়ে দায়িত্ব নিয়েছেন নতুন মেয়র মোহাম্মদ মন্জুর আলম। তবে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে করপোরেশনের পাওনা প্রায় ৩৬৭ কোটি টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।সাবেক মেয়র বলেন, ‘সিটি করপোরেশনের অধীনে বিশ্ববিদ্যালয় বিক্রি, স্বাস্থ্যসেবার জন্য নির্মিত হাসপাতাল বন্ধ বা বিক্রির কথা শোনা যাচ্ছে। এই সম্পদ চট্টগ্রাম নগরবাসীর। এটা আমার ব্যক্তিগত কোনো সম্পদ নয়। কেউ এসব বিক্রির চেষ্টা করলে নগরবাসী তা প্রতিহত করবে।’ তিনি বলেন, তাঁদের (বিএনপি) শাসনামলে রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বিক্রি করে নিজেদের আখের গুছিয়েছিল। এখন আবার আর্থিক অসচ্ছলতার কথা বলে বহু কষ্টে অর্জিত করপোরেশনের সম্পত্তি বিক্রি করে তাঁরা নিজেদের আখের গোছাতে চায়। জনগণ এর বিচার করবে।