চট্টগ্রাম সিটি নির্বাচন ২৫ জুনের মধ্যে করতে চায় ইসি
চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন আগামী ২০ থেকে ২৫ জুনের মধ্যে করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনে সেনাবাহিনী নিয়োগের বিষয়টিও খতিয়ে দেখছে কমিশন। আজ রোববার কমিশনের বৈঠকে এসব নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্র জানিয়েছে।সূত্র জানায়, আজ কমিশনের বৈঠকের মূল আলোচ্যসূচি ছিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। বৈঠকে এ নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট গ্রহণের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হয়। এতে ৯ থেকে ১৩ মের মধ্যে তফসিল ঘোষণা এবং ২০ থেকে ২৫ জুনের মধ্যে ভোট গ্রহণের তারিখ নির্ধারণের সিদ্ধান্ত হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন হয় ২০০৫ সালের ৯ মে। বিধান অনুযায়ী, বর্তমান করপোরেশনের মেয়াদ উত্তীর্ণ হবে আগামী ২৫ জুন। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে কমিশনকে এর নির্বাচন আয়োজন করতে হবে।এ বিষয়ে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, ‘অন্য সব স্থানীয় নির্বাচনের মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হয়ে গেছে। একমাত্র চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন এখনো আইনি কাঠামোর মধ্যে আছে। ২৫ জুনের মধ্যে এই নির্বাচন করতে হবে। তা না হলে উল্টো আমাদের বিরুদ্ধেই মামলা-মোকদ্দমা হয়ে যেতে পারে। সে অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি।’সূত্র জানায়, চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে সেনাবাহিনী নিয়োগের সম্ভাব্যতা নিয়েও আজকের বৈঠকে আলোচনা হয়। কমিশনার সাখাওয়াত হোসেন সেনাবাহিনী নিয়োগের পক্ষে হলেও প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা এর পক্ষে নন। তাই আগামী বুধবার এই নির্বাচনের আইনশৃঙ্খলাবিষয়ক বৈঠকে বিশদ আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ওই বৈঠকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) এবং আনসার, বিডিআর ও র্যাবের মহাপরিচালককে গতকাল কমিশন থেকে চিঠি দেওয়া হয়েছে।সূত্র আরও জানায়, নির্বাচন কর্মকর্তা নিয়োগের জন্য চট্টগ্রামের উপনির্বাচন কমিশনারকে আজ চিঠি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডের ভোটার সংখ্যা ১৬ লাখ ৯৩ হাজার ৯৫৫ জন। নির্বাচনের সম্ভাব্য ভোটকেন্দ্র ৬৮৭টি, প্রিসাইডিং কর্মকর্তা ৬৮৭ জন, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা চার হাজার ৭৪৮ জন, ভোট গ্রহণ কর্মকর্তা নয় হাজার ৪৯৬ জন। সব মিলিয়ে সম্ভাব্য ভোট গ্রহণ কর্মকর্তার সংখ্যা ১৪ হাজার ৯৩১ জন।